Ajker Patrika

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ বাড়িতে চুরি

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ বাড়িতে চুরি
ফরিদপুরে ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়ি। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেতা।

ফজলুর রহমান বাবু জানান, গতকাল সোমবার রাতে বাড়িতে বেড়াতে এসে চুরির বিষয়টি দেখতে পান। পরে তিনি থানা-পুলিশকে অবহিত করেন।

ফজলুর রহমান বাবুর ভাষ্য অনুযায়ী, তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করলেও মাঝেমধ্যে ফরিদপুরের ওই বাড়িতে আসেন। চারদিকে দেয়ালঘেরা দ্বিতল বাসভবনটিতে একটি বাগান রয়েছে।

তিনি বলেন, ‘এটি আমার জন্মস্থান, মাঝে মধ্যেই যে কারণে ছুটে আসি। তাতে মাসে দুই-একবার আসা হয়। ২০ থেকে ২৫ দিন আগেও এসেছিলাম, দুই দিন থেকে পুনরায় ঢাকায় চলে যাই। গতকাল রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা বেশ কিছু মালামালও নেই।’

ফরিদপুরে ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়ি। ছবি: আজকের পত্রিকা
ফরিদপুরে ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়ি। ছবি: আজকের পত্রিকা

চুরির ঘটনায় স্থানীয় মাদকসেবীদের দায়ী করে ফজলুর রহমান বাবু বলেন, ‘শুধু আমার বাড়িরই নয়, অন্যদের বাড়িতেও একই ঘটনা ঘটেছে। আমাদের এখানে এমন ছিল না, নিশ্চিন্তে থাকতাম। কিন্তু সম্প্রতি এসব চোরের উপদ্রব বেড়ে গিয়েছে, যা দুঃখজনক। আর যারা চুরি করছে তাঁরা মূলত মাদকসেবী; নেশার টাকার যোগানের জন্য বিভিন্ন বাসাবাড়িতে চুরি করে থাকে। আইনশৃঙ্খলার এই অবনতিতে আমরা শঙ্কিত। বলা যায়, আমরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে বিদ্যুতের তার চুরির ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত