
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুরের পৃথক স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত এক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কসংলগ্ন মৃগী এলাকা ও ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ফিডার সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, আহত জামায়াত নেতা ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের ইলিয়াস মুন্সির ছেলে নুর আলম মুন্সি (৪০)। তিনি ইউনিয়ন জামায়াতের সভাপতি ও দলের প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসেনের নির্বাচনী পরিচালনা ইউনিয়ন কমিটির আহ্বায়ক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জামায়াত প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওই কর্মীকে অজ্ঞাত ব্যক্তিরা কুপিয়েছেন, এটা ন্যক্কারজনক ঘটনা। যে বা যারা জড়িত রয়েছেন, তাঁদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।’
হাসপাতালে চিকিৎসাধীন নুর আলম বলেন, ‘আমি মাওলানা সরোয়ার হোসাইনের নির্বাচনী হ্যান্ডবিল আনতে মালিগ্রাম অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোবাইলে একটি কল আসে। মোটরসাইকেলটি পাশে দাঁড় করিয়ে কথা বলছিলাম। তখন হেলমেট পরা অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে আমার পাশে দাঁড়িয়ে আমার মাথায় কোপ দেয় এবং বলে—তুই জামায়াতের কাজ করিস না। তারা দুজন হেলমেট পরার কারণে আমি চিনতে পারিনি।’
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ‘হামলার ঘটনার কথা শুনেছি। কেউ অভিযোগ করেন নাই। অভিযোগ করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
অপর দিকে ভোরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামের তেঁতুলতলা বাসস্ট্যান্ড-সংলগ্ন বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ একটি নির্বাচনী ক্যাম্পে আগুন ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগে ক্যাম্পের বেশ কিছু সামগ্রী আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপিত ওই নির্বাচনী ক্যাম্পে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে একটি বড় নির্বাচনী ব্যানার, একটি টেবিল ও ডেকোরেটরের কিছু কাপড় পুড়ে যায়। ভোরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাজা সেখ জানান, ফজরের নামাজ শেষে তিনি মৃগী আঙিনা মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি দ্রুত স্থানীয় লোকজনকে খবর দেন। এলাকাবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩৫ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৪০ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৪১ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে