Ajker Patrika

ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল বোনেরও

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল বোনেরও
আজ সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ীর খয়েরবাড়ি বাজারের কুটিপাড়া গ্রামে দুই ভাইবোনের মৃত্যু হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খয়েরবাড়ি বাজারের কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া দুই শিশু হলো সাবিয়া জান্নাত (৬) ও তার ভাই মো. সিয়াম (৪)। তাদের বাবা শাহিন আলম স্থানীয় বাজারে একটি মুদিদোকান পরিচালনা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শিশুদের মা কেয়া বেগম ও স্বজনেরা জানান, বাড়ির পাশেই একটি খেলার মাঠ রয়েছে। মাঠের পাশে একটি পুকুর। সকালে কেয়া বেগম বাসায় নাশতা তৈরি করছিলেন এবং বাবা শাহিন আলম দোকান খুলতে যান। এ সময় দুই শিশুসহ আরও এক প্রতিবেশী শিশু মাঠে খেলছিল।

একপর্যায়ে সবার অগোচরে তারা পুকুরপাড়ে চলে যায়। পুকুরে একটি প্লাস্টিকের বোতল ভাসতে দেখে সেটি তুলতে পানিতে নামে সিয়াম। এ সময় সে পানিতে ডুবে যেতে থাকে। ভাইকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পানিতে নামে বোন সাবিয়া জান্নাত। কিন্তু সেও পানিতে তলিয়ে যায়।

পরে পুকুরপাড়ে থাকা অপর শিশু দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই সন্তানকে হারিয়ে মা-বাবা ও স্বজনেরা শোকে ভেঙে পড়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাঠের পাশে থাকা পুকুরে খেলতে গিয়ে তারা পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত