ঢাকার অন্যতম পরিচিত সড়ক বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ’ রাখা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সম্প্রতি নগরীর ১৫টি সড়ক, ভবন ও স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এসবের মধ্যে এটি সবচেয়ে আলোচিত।
গত ২৫ মার্চ, মঙ্গলবার ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনার ভিত্তিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ মোট ১৫টি সড়ক, ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে শেখ পরিবার ও ঘনিষ্ঠদের নামে নামকরণ হওয়ায় এসব পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে জানান, সরকার কর্তৃক পাঠানো সার্কুলারের ভিত্তিতে এই নাম পরিবর্তন করা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, ফ্যাসিবাদ সরকারের শাসনামলে নির্দিষ্ট একটি পরিবার ও সংশ্লিষ্টদের নামে যেসব স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছিল, সেগুলো আগের নামে ফেরানো বা নতুন নামে পরিবর্তন করতে হবে। এই নির্দেশনার আলোকে সিটি করপোরেশন একটি পর্যালোচনা কমিটি গঠন করে এবং বোর্ড সভায় প্রস্তাব অনুমোদন করা হয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এটা অনুমোদন দিয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সরকার যে সার্কুলার দিয়েছে সেটির অন্তর্ভুক্ত হওয়ায় এটির নামও পরিবর্তন করা হয়েছে।
এই সিদ্ধান্তের আওতায় আরও কয়েকটি সড়ক ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি এখন ‘ইনার রিং রোড’, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি ‘ঝাউচর প্রধান সড়ক’, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি ‘কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক’, শহীদ শেখ রাসেল শিশু পার্ক (কলাবাগান) ‘কলাবাগান শিশু পার্ক’ এবং শহীদ শেখ রাসেল শিশু পার্ক (যাত্রাবাড়ী) ‘যাত্রাবাড়ী শিশুপার্ক’ নামে পরিবর্তিত হয়েছে।
এ ছাড়া, মেয়র শেখ তাপস সেতু এখন ‘কামরাঙ্গীরচর ব্রিজ’, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক ‘সরাফতগঞ্জ পার্ক’, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’, মেয়র হানিফ অডিটরিয়াম ‘নগরভবন অডিটরিয়াম’, মেয়র হানিফ ফ্লাইওভার ‘গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার’, মেয়র হানিফ জামে মসজিদ ‘আজিমপুর কবরস্থান জামে মসজিদ’ এবং মেয়র হানিফ মসজিদ ‘সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ’ নামে নামকরণ করা হয়েছে।

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
৩ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বহাল রাখার দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
১৩ মিনিট আগে
ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১৭ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে