রাজধানীর ডেমরায় তিনতলা একটি ভবনের ছাদে টিনশেড দুটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ওই ঘরে থাকা বেশ কিছু মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়। আজ বৃহস্পতিবার বিকেলে হাজীনগর এলাকায় হাজি মোখলেসুর রহমানের ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে আধা ঘণ্টার মধ্যে আগুন নির্বাপণ করা হয়।
এ সময় ওই ঘরে থাকা এক লাখ টাকার মালামাল উদ্ধার করতে পারলেও ২০ হাজার টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে যায় বলে দাবি করেছেন ঘরের মালিক। এ ছাড়া ঘরে থাকা অন্যান্য আরও কিছু কাঠ ও বাঁশ পুড়ে নষ্ট হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত ফায়ার সার্ভিস না পৌঁছালে আগুন পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ত।










