রাজধানীর উত্তরখান থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত রবিউল ইসলাম রবি (৩০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে উত্তরখান থানা–পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উত্তরখান থানাধীন হেলাল মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম রবি ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৪৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অজ্ঞাতনামা ২৫-৩০ জন নেতা–কর্মী উত্তরখান থানাধীন ওজাপাড়া এলাকার বাসিন্দা রিপন হোসেনের বাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি রিপন হোসেনের বসতবাড়ির প্রবেশপথের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ককটেল বিস্ফোরণের ঘটনায় রবিউল ইসলাম রবি জড়িত ছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় হেলাল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।










