
গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে সাটুরিয়া সাবস্টেশনের আওতাধীন অধিকাংশ গ্রাহক বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছেন। সীমিত বিদ্যুৎ দিয়ে বিভিন্ন এলাকায় পালাক্রমে সরবরাহ করা হচ্ছে।
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সাটুরিয়া উপমহাব্যবস্থাপক (ডিজিএম) কার্যালয় সূত্রে জানা গেছে, সাটুরিয়া সাবস্টেশন থেকে ছয়টি ফিডারের মাধ্যমে সাটুরিয়া উপজেলার পাশাপাশি ধামরাই উপজেলার কিছু এলাকায় প্রায় ৪৭ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব গ্রাহকের জন্য প্রয়োজন অন্তত ১২ মেগাওয়াট বিদ্যুৎ। তবে স্বাভাবিক সময়েও ধামরাই গ্রিড থেকে প্রতিদিন ছয় থেকে আট মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যায় না। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিভিন্ন এলাকায় পালাক্রমে বিদ্যুৎ সরবরাহ করতে হয়।
এর মধ্যে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কালিয়াকৈর জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পরিস্থিতির আরও অবনতি হয়। এতে ধামরাই গ্রিডের দুটি ইউনিট বন্ধ হয়ে যায়। সকাল ৯টা ২০ মিনিটের দিকে একটি ইউনিট চালু হলেও সাটুরিয়ায় মাত্র দুই মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে।
সাটুরিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম ওয়ালিউর রহমান বলেন, ‘দুই মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে সাটুরিয়া সাবস্টেশনের মাত্র ২০ শতাংশ গ্রাহককে ঘুরিয়ে-ফিরিয়ে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। বাকি প্রায় ৮০ শতাংশ গ্রাহককে এ সময়ে বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না।’
ওয়ালিউর রহমান জানান, সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত একটি ফিডারের মাধ্যমে সাটুরিয়া বাজারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এরপর ওই ফিডার বন্ধ করে ৩ ও ৬ নম্বর ফিডারের মাধ্যমে বাজারের আশপাশের এলাকায় বিদ্যুৎ দেওয়া হয়। দুপুর ১২টার দিকে ওই দুটি ফিডারও বন্ধ করে অন্য একটি ফিডারের মাধ্যমে অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
তিনি বলেন, ‘দুপুর ১২টার মধ্যে কালিয়াকৈর জাতীয় গ্রিডের ত্রুটি দূর করে ধামরাই গ্রিডের দুটি ইউনিট চালু করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। ত্রুটি মেরামতের কাজ চলছে। গ্রিডের সমস্যা সমাধান করে ধামরাই গ্রিডের দুটি ইউনিট চালু করা সম্ভব হলে সাটুরিয়ায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিরও অনেকটা উন্নতি হবে।’

বাগেরহাটে কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আজ রোববার বেলা ১১টা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। বন্ধ ইউনিটটি চালু হতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হালিশহরে এক দশক আগে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনার মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
৮ মিনিট আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।
১৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাদ্রাসার কেয়ারটেকারসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর (জয়পুর) এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে