
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি পোশাক কারখানার এক ঊর্ধ্বতন কর্মকর্তার অপসারণের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এতে প্রায় সাত ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা ওই কর্মকর্তার বাড়িতে ভাঙচুর চালিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কের পলাশবাড়ী এলাকায় গিল্ডান অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের (গ্যাব) শাহরিয়ার গার্মেন্টসের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। বেলা ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
বিক্ষোভরত শ্রমিকেরা জানান, কয়েক দিন আগে কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামের অপসারণসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করেন শ্রমিকেরা। পরে মালিকপক্ষ সব দাবি মেনে নিলে কাজে যোগ দেন তাঁরা। কিন্তু কয়েক দিন অতিবাহিত হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার ভঙ্গ করে তাইজুল ইসলামকে পুনরায় কারখানায় যোগদান করায়। আজ ওই কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
কারখানাটির অপারেটর আতিকুর রহমান বলেন, ‘আমাদের ভাতা অর্ধেক দিত। বাকি অর্ধেক তারা নিয়ে নিত। বিভিন্ন ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট বা স্টাফ যারা আছেন ,এখানে সবারই চারটা-পাঁচটা করে বাড়ি আছে। একজন সাধারণ স্টাফ এত বড় বড় বাড়ি কীভাবে করতে পারে? আমাদের টাকা আত্মসাৎ করে এই বাড়িগুলো করছে। আমাদের সবার একটাই দাবি, আমরা তাইজুলের চাই না, তাইজুলের পদত্যাগ চাই।’
শ্রমিক বৃষ্টি খাতুন বলেন, ‘ডিরেক্টর তাইজুল টাকা চুরি করেন, পিকনিকের টাকা চুরি করে পোলার বিয়ে দেন, বাড়িঘর করেন। তিনি আমাদের সবকিছু চুরি করেন। আমাদের পরিশ্রমের মূল্য তিনি দেন না। তিনি থাকলে আমরা কোনো উন্নতি করতে পারব না।’
এদিকে, সড়ক অবরোধের মধ্যে সকাল ১০টার দিকে কারখানা থেকে অদূরে বসুন্ধরা এলাকায় গিয়ে কর্মকর্তা তাইজুলের ৯তলা বাড়িতে হামলা চালায় প্রায় ২০০-৩০০ মানুষ। সেই কর্মকর্তার দাবি, হামলাকারীদের মধ্যে শ্রমিকেরাও ছিলেন। তাইজুল বলেন, ‘তারা বাড়িতে এসে বাড়ির গেট ভেঙে ফেলেন। একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর করেন। ওই সময় আমি বাড়িতে ছিলাম না। ভাঙচুর চালিয়ে তারা ফিরে যায়।’ হামলায় প্রায় সাত-আটজন আহত হয়েছেন বলেও জানান তাইজুল ইসলাম।
শ্রমিকের অভিযোগ অস্বীকার করেছেন তাইজুল ইসলাম। তিনি জানান, কারখানা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেন, তিনি মেনে নেবেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিল্প পুলিশ-১–এর এএসপি মহিউদ্দিন মিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা সাড়ে ৮টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। এখনো যান চলাচল বন্ধ। শ্রমিকদের দাবি একজন কর্মকর্তার পদত্যাগ। আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি।’
সড়কে যান চলাচল বন্ধ থাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী, বাইপাইলসহ ইপিজেড এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৩১ মিনিট আগে
কয়েকজন বাসযাত্রী বলেন, যেখানে সিরাজগঞ্জগামী বাসের ভাড়া সাধারণ সময়ে প্রায় ৩৫০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার চেষ্টা করছেন কিছু পরিবহন মালিক।
১ ঘণ্টা আগে
৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী মুন্নি বেগম ও আল আমিন বলেন, ‘সরকার আমাদের ১০ কেজি করে চাল দিয়েছে। কিন্তু মেম্বার পাঁচজনকে ৩০ কেজির একটি বস্তা দিয়ে বলেছেন—এর বেশি নেই। আমরা গরিব মানুষ, তাই আর কিছু বলতে পারিনি।’
২ ঘণ্টা আগে
ঢাকা থেকে গ্রামের বাড়ি সাদুল্লাপুরে যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানজিমুল ইসলাম। তিনি বলেন, ‘গোবিন্দগঞ্জে প্রায়ই যানজটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ঈদের সময় এই যানজট আরও ভয়াবহ হতে পারে।’
২ ঘণ্টা আগে