
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। তদন্ত শেষে বাপ্পী ও আলোচিত ফয়সাল করিম মাসুদ ওরফে শুটার ফয়সালসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন—প্রধান আসামি ১. ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭) ও তাঁর সহযোগী, ২. আলমগীর হোসেন (২৬), ৩. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী (৪৩), ৪. ফিলিপ স্নাল (৩২), ৫. মুক্তি মাহমুদ (৫১), ৬. জেসমিন আক্তার (৪২), ৭. হুমায়ুন কবির (৭০), ৮. হাসি বেগম (৬০), ৯. সাহেদা পারভীন সামিয়া (২৪), ১০. ওয়াহিদ আহমেদ শিপু (২৭), ১১. মারিয়া আক্তার লিমা (২১), ১২. কবির (৩৩), ১৩. নুরুজ্জামান ওরফে উজ্জ্বল (৩৪), ১৪. সিবিয়ন দিও (৩২), ১৫. সঞ্জয় চিসিম (২৩), ১৬. আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭) ও ১৭. ফয়সাল (২৫)।
আসামিদের মধ্যে হুমায়ুন কবির ও হাসি বেগম ফয়সালের বাবা–মা। তাঁরাসহ মোট ১১ আসামি গ্রেপ্তার হয়েছেন। ফয়সাল, তাঁর বোন জেসমিন ও দুলাভাই মুক্তি মাহমুদ, আলমগীর, বাপ্পি ও ফিলিপ—এই ছয় আসামি এখনো পলাতক।
গত বছরের ১২ ডিসেম্বর পল্টনের বিজয়নগর বক্স-কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহীরা। ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পল্টন থানার হত্যা মামলার তদন্ত করছে ডিবি।
পুলিশ বলছে, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর হোসেন, আর পেছনে বসে থাকা ‘শুটার’ ফয়সাল হাদিকে গুলি করেন।
তদন্তে হাদি হত্যাকাণ্ডে যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর ‘সংশ্লিষ্টতা পাওয়া গেছে’ জানিয়ে সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, তিনি ‘শুটার’ ফয়সাল ও তাঁর সহযোগী আলমগীরের পলায়নে ‘সার্বিক সহায়তাকারী’ হিসেবে ভূমিকা পালন করেন।
হাদি হত্যার মোটিভ তুলে ধরে ডিবিপ্রধান বলেন, ‘ফয়সাল নিজেও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। আসামিদের রাজনৈতিক পরিচয় এবং ভিক্টিমের পূর্ববর্তী বিভিন্ন সময়ে প্রদত্ত বক্তব্য থেকে এটা পরিষ্কার যে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হত্যাকাণ্ড। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও এদের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যক্কারজনক এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।’
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারা সূচনা করেন হাদি। তদন্তে জানা যায়, হাদি বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিগত সময়ের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সভা-সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনামূলক জোরালো বক্তব্য রেখে আসছিলেন। এর ফলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়।’
সার্বিক তদন্ত ও সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে গ্রেপ্তার আসামিদের ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি, ঘটনাস্থল ও প্রাসঙ্গিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইলেকট্রনিক ডিভাইসসমূহের ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানান ডিবিপ্রধান।

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আবারও চলন্ত একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় আজ সোমবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
৪০ মিনিট আগে
ঘরের আঙিনাজুড়ে কালচে পানি। পানির ওপর ভাসছে ময়লা-আবর্জনা। বাতাসে তীব্র দুর্গন্ধ। সন্ধ্যা নামলেই বাড়ে মশার উপদ্রব। এমন পরিবেশে বছরের পর বছর বসবাস করছে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার শেরনগর মধ্যপাড়ার প্রায় পাঁচ হাজার মানুষ।
৬ ঘণ্টা আগে
পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির সংসার ১৬ বছরের। তিন মেয়ের পর সাত মাস আগে তাঁদের একমাত্র ছেলেসন্তানের জন্ম হয়। আদরের সেই ছেলের নাম রাখা হয় সাজিদ আল নাহিয়ান। যে ছেলের জন্মে আনন্দে আত্মহারা ছিল পুরো পরিবার, সেই পরিবারে এখন মাতম।
৭ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় টানা বৃষ্টিতে দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে। বুড়িরহাট থেকে লালমনিরহাটের কাকিনা বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের ১৫-২০টি স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
৭ ঘণ্টা আগে