রাজধানীর ডেমরা এলাকার একটি বাসা থেকে ১৩ বছর বয়সী নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ডেমরা ধার্মিকপাড়া পশ্চিমপাড়া এলাকার একটি বাসা থেকে তার মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ওই স্কুলছাত্রীর বাড়ি সিলেট জেলার কোম্পানীগঞ্জের বিজিপারোয়া গ্রামে। তার বাবার ইন্তাজ আলী একজন রিকশা চালক। পরিবারের সঙ্গে সে ডেমরার ওই বাসায় ভাড়া থাকত। মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন বোনের মধ্যে মেয়েটি সবার ছোট।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বলেন, খবর পেয়ে রাতে ডেমরার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় সে বাসার জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহটি পাঠানো হয়।
এসআই আলতাফ হোসেন আরও বলেন, মৃত শিক্ষার্থীর বাবা অটোরিকশা চালক। মা একটি হোটেলে কাজ করেন। ঘটনার সময় বাসায় মেয়েটি একাই ছিল। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে মেয়েটিকে গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এরপর থানা-পুলিশে খবর দেওয়া হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মেয়েটি আত্মহত্যা করেছে। তবে এর কারণ তার পরিবারের কেউ বলতে পারেনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এসআই আলতাফ হোসেন।










