জবিতে ককটেল বিস্ফোরণ, আটক ১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ সোমবার সন্ধ্যায় পার্কিং করে রাখা দুটি বাসের ফাঁকা অংশে এ বিস্ফোরণ ঘটে। আটক ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জবি শাখার কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। দ্বিতীয় গেটের পাশে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, ‘সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল ওই সময় সেকেন্ড গেটে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। তখন আমরা ক্যাম্পাসেই ছিলাম না। সিসিটিভি ফুটেজ চেক আমরা শনাক্ত করব।’
সন্দেহভাজন আটকের বিষয়ে প্রক্টর বলেন, ‘শাখা ছাত্রদল একজনকে আটক করেছে আমরা পুলিশে যোগাযোগ করেছি।’









