
রাজধানীর উত্তরখানে বারবার ওয়াশিং ফ্যাক্টরির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হলেও আবার অবৈধ সংযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওয়াশিং ফ্যাক্টরির ম্যানেজার মো. নয়ন মিয়া (৩৫) ও মো. কামাল হোসেন (৪২) নামের দুজনকে সাত দিন করে কারাদণ্ড ও এক ওয়াশিং ফ্যাক্টরির জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উত্তরখানের জামতলা, ব্যাপারীপাড়া এবং বৈকাল রোড এলাকায় বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়। এতে সহযোগিতা করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কর্মকর্তারা এবং উত্তরখান থানা-পুলিশ।
অভিযানকালে দেখা যায়, উত্তরখানের হেলাল মার্কেটসংলগ্ন ব্যাপারীপাড়ার আবু হুরাইয়া ওয়াশিং ফ্যাক্টরিতে অবৈধভাবে তিতাস গ্যাসলাইনের সংযোগ দেওয়া হয়েছে। জিআই পাইপের মাধ্যমে তিতাস গ্যাসের লাইন থেকে অবৈধভাবে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। অবৈধ সংযোগের মাধ্যমে প্রতি ঘণ্টায় ২০০ ঘনফুট ক্ষমতার চারটি ড্রায়ারে ৮০০ ঘনফুট গ্যাস ব্যবহার করা হতো।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে গ্যাসলাইনের সংযোগটি বিচ্ছিন্ন করা হয় এবং সংযোগে ব্যবহৃত পাইপ জব্দ করা হয়। সেই সঙ্গে ওই ওয়াশিং ফ্যাক্টরির নয়ন মিয়া নামের একজনকে আটক করে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
হেলাল মার্কেটসংলগ্ন বৈকাল রোডের ‘এ ম্যাক্স লন্ড্রি’ নামক ওয়াশিং ফ্যাক্টরিতে একটি বিচ্ছিন্নকৃত আবাসিক রাইজার থেকে গ্যাস-সংযোগ করা হয়েছে। পরে এয়ার কম্প্রেসরের মাধ্যমে ঘণ্টায় ২০০ ঘনফুট করে চারটি ড্রায়ারের মাধ্যমে ৮০০ ঘনফুট এবং একটি বয়লারের মাধ্যমে ৭৫০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করে আসছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে গ্যাস-সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। তিতাস সূত্রে জানা গেছে, এ ম্যাক্স লন্ড্রি নামক ওই ওয়াশিং ফ্যাক্টরির গ্যাস-সংযোগটি তৃতীয়বারের মতো বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে একটি রাইজার জব্দ করা হয়েছে।
শাহ কবির মাজার রোডের জামতলা এলাকার ৫৯২/১ প্লটের জিনস ওয়াশিং স্টাইলিং প্ল্যান্ট নামক ওয়াশিং ফ্যাক্টরিতেও পরিত্যক্ত রাইজার থেকে অবৈধভাবে গ্যাস-সংযোগ দিয়ে ব্যবহার করে আসছিল। ওই ফ্যাক্টরিতে একটি স্বতন্ত্র লাইনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ২০০ ঘনফুট ক্ষমতার চারটি ড্রায়ারের মাধ্যমে ৮০০ ঘনফুট গ্যাস ও একটি বয়লারের মাধ্যমে ৭৫০ ঘনফুট গ্যাস ব্যবহার করে আসছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে গ্যাস-সংযোগটি বিচ্ছিন্ন করে পাইপ জব্দ করা হয়। সেই সঙ্গে ফ্যাক্টরির ম্যানেজার মো. কামাল হোসেনকে আটক করে সাত দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
জামতলা এলাকার টিএসএফ ওয়াশিং প্ল্যান্ট নামের আরেকটি ওয়াশিং ফ্যাক্টরিতে ঘণ্টায় ২০০ ফুট ক্ষমতার দুটি ড্রায়ারের মাধ্যমে ৪০০ ঘনফুট এবং একটি ২৫০ কেজির বয়লারের মাধ্যমে মাধ্যমে ৭৫০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করে আসছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে গ্যাস-সংযোগটি বিচ্ছিন্ন করে মালপত্র জব্দ করা হয়। এ ছাড়া ওই ওয়াশিং ফ্যাক্টরির মালিকের নামে একটি সাধারণ মামলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, উত্তরখানে অভিযান চালিয়ে চারটি ওয়াশিং ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস-সংযোগ পাওয়ার পর সেগুলো বিচ্ছিন্ন করে সংযোগের মালপত্র জব্দ করা হয়। সেই সঙ্গে দুজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একটি ওয়াশিং ফ্যাক্টরির জমির মালিকের নামে সাধারণ মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৪ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে