Ajker Patrika

মিরপুরে অস্ত্র-গুলি-ইয়াবাসহ ফোর স্টার গ্রুপের ছয় সদস্য গ্রেপ্তার: এসআরবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে অস্ত্র-গুলি-ইয়াবাসহ ফোর স্টার গ্রুপের ছয় সদস্য গ্রেপ্তার: এসআরবি
রাজধানীর পল্লবী, রূপনগর ও মিরপুর এলাকায় সক্রিয় অপরাধী চক্র ‘ফোর স্টার’ গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি। ছবি: এসআরবি

রাজধানীর পল্লবী, রূপনগর ও মিরপুর এলাকায় সক্রিয় অপরাধী চক্র ‘ফোর স্টার’ গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এদের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, পাঁচটি গুলি, ১২টি রামদা ও চাকু, দুটি সামুরাই, ৩০টি ইয়াবা এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রূপনগর ও শিয়ালবাড়ি কবরস্থানের আশপাশে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

ব্রিফিংয়ে মিরপুর-পল্লবীসহ আশপাশের এলাকার ফোর স্টারসহ পাঁচটি সন্ত্রাসী গ্রুপের বিভিন্ন অপরাধ ও গ্রেপ্তার-সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কথা বলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওসমান গনি সোহাগ, রনি ব্যাপারী, মোহাম্মদ রনি, মোহাম্মদ হাসিব, ইমন মোল্লা ও সৌরভ ব্যাপারী। এঁদের মধ্যে ওসমান গনি সোহাগের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।

এসআরবির-৪-এর অধিনায়ক জানান, গোপন তথ্যের ভিত্তিতে রূপনগর এলাকা থেকে প্রথমে ফোর স্টার গ্রুপের মশিউর গ্রুপের সদস্য ওসমান গনি সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শিয়ালবাড়ি কবরস্থানের আশপাশে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সেখানে ডাকাতি বা চাঁদাবাজির প্রস্তুতি নিচ্ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার রনি ব্যাপারীর বিরুদ্ধে ডাকাতি, মারামারি, মাদকসহ চারটি মামলা রয়েছে। মোহাম্মদ রনি ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী বোমা কাল্লুর ঘনিষ্ঠ সহযোগী। আর মোহাম্মদ হাসিবের বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। ওসমান গনি সোহাগের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় মহড়া, চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, গত দেড় মাসে ফোর স্টার গ্রুপের মোট ১৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনটি বিদেশি অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও প্রায় ২০ থেকে ২৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ফোর স্টার গ্রুপের সদস্যসংখ্যা নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ, সদস্যরা এক গ্রুপ থেকে অন্য গ্রুপে যোগ দেন এবং পরিস্থিতি বুঝে এলাকা ছেড়ে পালিয়ে যান। তবে তাঁদের সবার তালিকা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

ফোর স্টার গ্রুপের চারটি শাখা—শাহাদাত, মুক্তার, ইব্রাহিম খলিল ও মশিউর গ্রুপ। এ ছাড়া এলাকায় বৈরাগে নামে আরেকটি গ্রুপ সক্রিয় ছিল। এর মধ্যে শাহাদাত, মুক্তার, ইব্রাহিম খলিল ও বৈরাগে গ্রুপের আশিক গ্রুপের তৎপরতা প্রায় বন্ধ হয়ে গেছে বলে দাবি করেন লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। মশিউর গ্রুপের আধিপত্যও অনেকটা কমেছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

গ্রুপগুলোর শীর্ষ নেতাদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাঁদের পাওয়া তথ্য অনুযায়ী নেতারা বেশ কিছুদিন আগে বিদেশে চলে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গোয়েন্দা তথ্য রয়েছে, তবে সব তথ্য গণমাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। সুনির্দিষ্ট অবস্থান পাওয়া গেলে তাঁদের গ্রেপ্তার করা হবে।

সাম্প্রতিক সময়ে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার বিষয়ে শীর্ষ ওসব সন্ত্রাসীদের সম্পৃক্ততা আছে কি না—এমন প্রশ্নের জবাবে এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন যৌক্তিক ছিল। তবে সেই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড চালিয়েছে। ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত