Ajker Patrika

পেট্রলপাম্পের কোটি টাকা ছিনতাইয়ের ৩ দিনেও গ্রেপ্তার নেই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৯: ৫৬
পেট্রলপাম্পের কোটি টাকা ছিনতাইয়ের ৩ দিনেও গ্রেপ্তার নেই
বিমানবন্দর থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ডিএল পেট্রলপাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগের মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সংশ্লিষ্ট বিমানবন্দর থানা-পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারের কাজ চলছে। খুব দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হবে তারা।

আজ বুধবার বিকেল পর্যন্ত পুলিশের কাছে গ্রেপ্তারের বিষয় জানতে চাইলে তারা এ তথ্য জানায়। জানা যায়, পেট্রলপাম্প প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত রোববার সকালে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এ ঘটনার পর ওই পেট্রলপাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।

আজ দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কাজ করছি। খুব দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করতে পারব।’

এ দিন বিকেল পর্যন্ত ডিবি পুলিশসহ তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের।

উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) জিসানুল হক বলেন, দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ আশা করে, অতি দ্রুত গ্রেপ্তার করতে পারবে তাদের।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি পেট্রলপাম্পের টাকা বহনকারী গাড়িটির গতি রোধ করেন। পরে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান তাঁরা।

পেট্রলপাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডিএল পেট্রলপাম্পে প্রতিদিন ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হয়। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় রোববার অন্যান্য দিনের তুলনায় বেশি টাকা বহন করা হচ্ছিল।

এসব ঘটনা ও গ্রেপ্তার নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামকে সাংবাদিকেরা প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে শিগগির আসামিদের আইনের আওতায় আনার কথা জানিয়ে মো. শফিকুল ইসলাম বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় আসামিদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আমরা সবাই এটা নিয়ে কাজ করছি। অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতেছি। আমরা আশাবাদী, অচিরেই আমরা আসামিদের ধরে ফেলব।’

ডিবির এ কর্মকর্তা বলেন, ‘ঢাকা মহানগরে যে কয়টা ঘটনা ঘটেছে, অলমোস্ট সবগুলোই ডিবি অত্যন্ত সাফল্যের সঙ্গে উদ্‌ঘাটন করেছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা আশাবাদী, সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাও আমরা উদ্‌ঘাটন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত