Ajker Patrika

রাজধানীতে সাবেক স্বামীর অস্ত্রের কোপে নারী নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৯: ৫২
রাজধানীতে সাবেক স্বামীর অস্ত্রের কোপে নারী নিহত, অভিযুক্ত গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর মধ্য বাড্ডায় ধারালো অস্ত্রের আঘাতে ঝুমুর আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সাবেক স্বামী রেজাউল করিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মধ্য বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার একটি বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঝুমুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্ত রেজাউল করিমকে আটক করে।

নিহত ঝুমুর আক্তারের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ বিঘাই গ্রামে। তাঁর বাবার নাম জাফর হাওলাদার।

এসআই নাসির উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় ঝুমুর তাঁর দূরসম্পর্কের দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে বাইরে বের হয়েছিলেন। এ সময় রেজাউল করিম তাঁদের অনুসরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে ঝুমুর বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাসার ফটক দিয়ে প্রবেশের সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে জখম করেন রেজাউল।

পুলিশ কর্মকর্তা বলেন, ঝুমুরের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রেজাউলকে আটক করেন এবং পুলিশের হাতে তুলে দেন। পরে আহত ঝুমুরকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসআই আরও বলেন, রেজাউল করিমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ঝুমুর অন্য এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। সেই ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত