
রাজধানীতে চলমান সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় তালিকাভুক্তসহ ৯৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তদবিরের মাধ্যমে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি আরও বলেন, ‘চাঁদাবাজসহ অপরাধীদের ছাড়াতে কেউ তদবির করলে ধরে নেওয়া হবে সেও ওই চক্রের সঙ্গে জড়িত। কোনো অবস্থাতেই তদবিরে কাউকে ছাড়া হবে না।’
আজ রোববার (৩ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।
ডিএমপি কমিশনার আরও জানান, অভিযানে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজসহ মোট ৯৪ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চাঁদা আদায়ের খাতা, লেনদেনের তথ্য, ভিডিও ক্লিপসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ১ মে থেকে মহানগরজুড়ে চাঁদাবাজ, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী এবং অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এসব অপরাধের অভিযোগ বাড়ায় ডিএমপি সমন্বিত নিরাপত্তা কৌশল গ্রহণ করেছে।
অভিযানের অংশ হিসেবে চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা নজরদারি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে বলেও জানান তিনি। আট বিভাগের ম্যাজিস্ট্রেট মাঠে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
মো. সরওয়ার আরও বলেন, ‘এখন শীর্ষ সন্ত্রাসীদের তেমন উপস্থিতি নেই। তবে মধ্যম স্তরের অপরাধী এবং শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে কেউ কেউ অপরাধ চালিয়ে যাচ্ছে।’ সাধারণ মানুষ বড় ধরনের হামলার শিকার হচ্ছে না বলে দাবি করেন তিনি।
ডিএমপি জানায়, অনলাইন জুয়া ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও অভিযান চলছে। প্রযুক্তিনির্ভর তদন্তে তাদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ ও সার্ভার জব্দ করা হয়েছে। পাশাপাশি বাজার, টার্মিনাল ও জনবহুল এলাকায় টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তা জোরদারে বসিলা ও কারওয়ান বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। অপরাধপ্রবণ নতুন এলাকাগুলো চিহ্নিত করে আরও ক্যাম্প স্থাপন এবং সিসিটিভি ক্যামেরা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান ডিএমপি কমিশনার।
এ সময় পুলিশের ভেতর থেকে অভিযানের তথ্য ফাঁসের বিষয়েও সতর্ক করে তিনি বলেন, এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরী আমাদের সবার। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান অঙ্গীকার। অপরাধী যে-ই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।’
প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাঁকে রিমান্ডে নেওয়ার...
৯ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে ঝোড়ো হাওয়ায় একটি আমগাছ ভেঙে চলন্ত প্রাইভেট কারের ওপর পড়ে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।
২১ মিনিট আগে
ঢাকার সাভারে ইঞ্জিনচালিত নৌকার মাঝিকে হত্যার দায়ে ২০ বছর পর দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন...
৩৫ মিনিট আগে
রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে ঢাকা ওয়াসার কাজ চলাকালে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে গুলশান, বনানী, বারিধারা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
৩৭ মিনিট আগে