
সুপ্রিম কোর্টের বিচারকাজ সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আলটিমেটাম দিয়েছেন আইনজীবীরা। আগামী মঙ্গলবারের আগে ভার্চুয়াল আদালত ব্যবস্থা প্রত্যাহার করা না হলে ওই দিন থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে কালো পতাকা মিছিল করে সমাবেশের মাধ্যমে এই ঘোষণা দেন আইনজীবীরা। সমাবেশে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও আইনজীবী সমিতির সাবেক সহসম্পাদক মাহবুবুর রহমান খান।
মাহবুবুর রহমান খান বলেন, ‘দুই দিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে না। সুপ্রিম কোর্টে আইনজীবী ও বিচারপ্রার্থীরা নিয়মিত আসছেন। একটা দেশের বিচার বিভাগ আইনের শাসন, মানবাধিকার ও নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের মূল জায়গা। এটা তেল, গ্যাস বা অন্যান্য সংকটকে অতিক্রম করেও চালু রাখতে হবে। সুপ্রিম কোর্ট কোনো দোকান বা শপিং মল নয় যে ৮টার পর বন্ধ করে দিলেও সমস্যা হবে না। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র টিকিয়ে রাখতে হলে যেকোনো মূল্যে বিচার বিভাগকে টিকিয়ে রাখতে হবে।’
মাহবুবুর রহমান খান আরও বলেন, সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, বুধবার ভার্চুয়াল উপস্থিতিতে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি হয়েছে। অথচ শারীরিক উপস্থিতিতে শুনানি হলে শুধু চেম্বার আদালতেই ১৫০ থেকে ২০০টি মামলার শুনানি হয়। হাইকোর্ট বিভাগে মাত্র ৬১২টি মামলার শুনানি হয়েছে। নিয়মিত আদালতের তুলনায় তা অর্ধেকেরও কম। এই পদ্ধতিতে বিচারের জায়গাটা সংকুচিত হয়ে পড়েছে। সাধারণ মানুষের বিচারের প্রার্থনা বন্ধ হওয়ার পথে। তাই ২৮ এপ্রিলের (আগামী মঙ্গলবার) মধ্যে ভার্চুয়াল আদালতের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনজীবী সমাজ ওই দিন দুপুর থেকে কালো পতাকাসহ অবস্থান কর্মসূচি পালন করবে।
এর আগে দুপুরে আইনজীবীরা কালো পতাকা হাতে নিয়ে সমিতি ভবনে মিছিল করেন। মিছিলে শতাধিক আইনজীবী অংশ নেন। এ সময় তাঁরা ভার্চুয়াল আদালত ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের নেতৃত্ব দেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, শাহ আহমেদ বাদল, মাহবুবুর রহমান খান, আশরাফুল ইসলাম, মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান বিশ্বাস রায়হান প্রমুখ।
সাংবাদিকদের প্রবেশাধিকার না হলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবে
সমাবেশে সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সবাইকে বলেছি যে সাংবাদিকেরা যেকোনো আদালতে প্রবেশ করবেন, দেখবেন এবং সেটা জাতিকে জানাবেন। এটা না হলে, সাংবাদিকদের প্রবেশাধিকার না হলে সবচেয়ে ক্ষতি হবে বিচার বিভাগের। ক্ষতি হবে ন্যায়বিচারপ্রার্থী জনগণের। কাজেই আমরা আবারও বিনয়ের সঙ্গে অনুরোধ করি, অবিলম্বে সাংবাদিকেরা যেন আপিল বিভাগসহ সমস্ত আদালতে আগের মতো ফ্রি এক্সেস পান। একটা দেশে ফ্যাসিবাদের জন্ম হয় তখনই, যখন সংবাদমাধ্যমগুলো কার্যকরভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়।’
মাহবুবুর রহমান খান বলেন, ‘বাংলাদেশে বর্তমানে সেনসিটিভ মামলাগুলোর বিচার হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনালের বিচারও লাইভ প্রচার হতে দেখেছি। সুতরাং সেটা যদি লাইভ প্রচার হতে পারে, তাহলে এই আদালতের এজলাসের ভেতরে গণমাধ্যমকর্মীদের যাওয়ার প্রতিবন্ধকতাটা কোথায়, সেটা আমাদের কাছেও বোধগম্য নয়। আমরা বিশ্বাস করি, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসান শেষে বর্তমান বিচার বিভাগ জনমানুষের জন্য, বাংলাদেশের নাগরিকদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে। আর সেই ন্যায়বিচার নিশ্চিত করতে গিয়ে তাঁরা স্বচ্ছতার যে জায়গাটা, মানুষের বিশ্বাসের যে জায়গাটা, সেটাতে কোনো সন্দেহের সৃষ্টি করবেন না। সে ক্ষেত্রে প্রকাশ্য বিচারে কোনো অন্তরায় থাকার কথা নয়।’

গাজীপুরের গাছা থানা এলাকায় চাঁদা না দেওয়ায় মো. ওয়াসিম নামের এক নির্মাণসামগ্রী ব্যবসায়ীর পা কেটে দিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় এক ছাত্রনেতা ও তাঁর অনুসারীদের দাবি করা চাঁদা দিতে না পারায় এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।
৯ মিনিট আগে
বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা আগে পাওয়া আলামতের সঙ্গে মিলিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে।
২৬ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) সহকারী অধ্যাপক এস এম এ মওদুদ আহমেদের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন, অনাগত সন্তানকে হত্যা, ছাত্রীর সঙ্গে পরকীয়ায় জড়ানো ও আইন ভঙ্গ করে ছাত্রীকে বিবাহের অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ বাড়ানোর পর ঢাকার ফিলিং স্টেশনগুলোয় চালকদের অপেক্ষার সময় খানিকটা কমে এসেছে। তবে যেসব পাম্পে ফুয়েল পাস বাধ্যতামূলক, সেখানে তুলনামূলক বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেলচালকদের।
১ ঘণ্টা আগে