Ajker Patrika

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারম গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১১।

গ্রেপ্তার আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর বরকল এলাকার আবু তালেবের ছেলে। তিনি চট্টগ্রামের চন্দনাইশে একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালে চন্দনাইশ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আবু মোকারমকে ২০১৩ সালের ১৯ মে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত। ওই বছরের ৯ জুলাই থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ও উদ্ভূত পরিস্থিতির মধ্যে ৬ আগস্ট সকালে কারাবন্দীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি মই দিয়ে কারাগারের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে আবু মোকারমও ছিলেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করে।

কারাগার থেকে পালানোর পর আবু মোকারম গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে এসআরবি-১১-এর গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

এসআরবির প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পারিবারিক শত্রুতার জেরে আবু মোকারমসহ অন্য আসামিরা তাঁর বোনের চাচি-শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানখেতে ফেলে রাখেন। এ ঘটনায় চন্দনাইশ থানায় মামলা হয়। ওই মামলায় আবু মোকারম ছিলেন এক নম্বর আসামি। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন।

গ্রেপ্তার আবু মোকারমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত