Ajker Patrika

ঢাকার দুই সিটির ১২৯ ওয়ার্ডের মধ্যে ৪১টিতে নেই খেলার মাঠ: ডব্লিউবিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ঢাকার দুই সিটির ১২৯ ওয়ার্ডের মধ্যে ৪১টিতে নেই খেলার মাঠ: ডব্লিউবিবি
ডব্লিউবিবি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা। ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশনের মোট ১২৯টি ওয়ার্ডের মধ্যে ৪১টি ওয়ার্ডে কোনো খেলার মাঠ নেই। খেলার মাঠ নেই এমন ওয়ার্ড রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রয়েছে ৩১টি ওয়ার্ড। এছাড়া অপরিকল্পিত নগরায়ন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ঢাকার উন্মুক্ত স্থানগুলো দখলে আর দূষণে ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাঠ-পার্ক রক্ষা এবং যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

আজ মঙ্গলবার রাজধানীর রায়ের বাজার ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি) মিলনায়তনে আয়োজিত ‘ঢাকার পার্ক ও খেলার মাঠ: নাগরিক প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

ডব্লিউবিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় বেসরকারি সংস্থা বারসিকের এ্যাগ্রো-বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রামের কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মাঠ-পার্কগুলো উন্নয়নের ক্ষেত্রে ব্যয়বহুল নকশা প্রণয়ন থেকে বিরত থেকে দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হলে খরচ অনেকটা কমে আসবে এবং রক্ষণাবেক্ষণও অনেক সহজ হবে।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের নগরে মাঠ-পার্কের সংখ্যা যথেষ্ট অপ্রতুল। এ অবস্থায় দখলকৃত মাঠ-পার্ক ও বিশদ অঞ্চল পরিকল্পনায় গণপরিসর হিসেবে চিহ্নিত সকল স্থান পুনরুদ্ধার ও সংস্কারের পাশাপাশি রাজউক, গণপূর্ত ও সিটি করপোরেশনের মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা দূর করতে পার্ক ও মাঠের ব্যবস্থাপনা একটি নির্দিষ্ট সরকারি প্রতিষ্ঠানের অধীনে আনা প্রয়োজন।’

তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও উন্নয়নকর্মী সৈয়দা রত্না বলেন, উন্নয়ন কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ততা না থাকায় মাঠ ও পার্কের নকশায় তাদের প্রয়োজনের প্রতিফলন ঘটে না। তিনি সব বয়স, লিঙ্গ ও সামর্থ্যের মানুষের চাহিদা বিবেচনায় মাঠ-পার্কের পরিকল্পনা ও বাস্তবায়নের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ডব্লিউবিবি ট্রাস্টের সহকারী প্রকল্প কর্মকর্তা মো. মিঠুনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পরিবেশবাদী ছাত্র-যুব সংগঠন গ্রীন ভয়েসের সংগঠক হুমায়ুন কবির সুমন, প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির ইবনুল সাঈদ রানা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত