
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সরা কর্মবিরতি পালন করছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মবিরতি চলছিল।
নার্সদের অভিযোগ, এক চিকিৎসক এক নার্সকে মারধর করেছেন। ওই ঘটনার প্রতিবাদেই তাঁরা কর্মবিরতিতে গেছেন।
হাসপাতাল ঘুরে দেখা গেছে, নার্সদের কর্মবিরতির কারণে হাসপাতালের বেশিরভাগ সেবা কার্যত বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বহির্বিভাগ ও ভর্তি রোগীরা।
নার্সদের অভিযোগ, বুধবার বিকেলের শিফটে কামরুল হাসান নামে এক নার্সের সঙ্গে সৈকত তাওহিদ নামে এক চিকিৎসকের কথা-কাটাকাটি হয়। পরে সৈকত তাওহিদ আরও কয়েকজনকে নিয়ে কামরুল হাসানকে মারধর করেন। সৈকত তাওহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি।
আহত কামরুল হাসান বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে কর্মবিরতি পালন করছেন নার্সেরা। সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে তাঁরা বিক্ষোভ করেন এবং ঘটনার বিচার দাবিতে স্লোগান দেন।
নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র স্টাফ নার্স বলেন, ‘আমাদের সহকর্মীর ওপর হামলার বিচার চাই। এর প্রতিবাদেই আমরা কর্মসূচি পালন করছি।’
অভিযোগের বিষয়ে চিকিৎসক সৈকত তাওহিদের মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিনের সঙ্গে তাঁর অফিস ও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

আমন মৌসুম শুরু হয়েছে। কৃষকেরা জমি প্রস্তুত করছেন। বীজতলা থেকে চারা তোলা হচ্ছে। কোথাও কোথাও চারা রোপণও শুরু হয়েছে। তবে কৃষকেরা সারের দোকানে গিয়ে সার পাচ্ছেন না। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বিসিআইসি ও বিএডিসি তাঁদেরকে সার সরবরাহ করছে না।
২৪ মিনিট আগে
রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর পাঁচটি এলাকায় এডিস মশার প্রজনন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩ পাওয়া গেছে, যেখানে ২০-এর বেশি সূচককে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
৩৯ মিনিট আগে
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
১ ঘণ্টা আগে
সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে বরগুনা পৌরসভার উদ্যোগে নির্মাণ করা হয় অডিটরিয়াম মিলনায়তন (টাউন হল)। ভবন নির্মাণ হলেও ভেতরের আনুষঙ্গিক কাজ বাকি। সে কারণে ছয় বছর ধরে পড়ে আছে ভবনটি। ব্যবহার না হওয়ায় চুরি হয়ে গেছে দরজা-জানালা। পরিণত হয়েছে গোয়ালঘর ও মাদকসেবীদের আড্ডাস্থলে।
১ ঘণ্টা আগে