Ajker Patrika

ওসমান হাদি হত্যাকাণ্ড ঘিরে ভাইয়ের পোস্ট, সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ওসমান হাদি হত্যাকাণ্ড ঘিরে ভাইয়ের পোস্ট, সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক
শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ‘মূল হোতা’ কে বা কারা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে পরপর দুটি পোস্ট করেন হাদির ভাই ওমর বিন হাদি। যেটি ঘিরে আরও তুঙ্গে উঠেছে তর্ক–বিতর্ক!

ওসমান হাদির ভাই ওমর একটি পোস্টে লেখেন, শহীদ ওসমান হাদির খুনের সাথে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন।

হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে। যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করছে। হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য ‘রেড লাইন’। হাদি হত্যার বিচার করুন।

এর কিছুক্ষণ পর ওমর হাদি আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের একজন ব্যক্তিগত সহকারীকে হাদি হত্যার জন্য দায়ী করেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা-০৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিছে আমাদের।’

ওসমান হাদির ভাইয়ের এ সব মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। যদিও ওমর হাদির নামে পরিচালিত ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাইড নয়। তবে অ্যাকাউন্টটি তাঁর বলে নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের একাধিক সংগঠক।

গত জানুয়ারি মাসে ওমর হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে তিনি সেখানে কর্মরত রয়েছেন।

এদিকে আজ বুধবার আরও একটি পোস্ট দেন ওমর হাদি। সেখানে তিনি লিখেছেন, শহীদ ওসমান হাদি হত্যা মামলা তদন্তাধীন থাকায় আমার পোস্ট প্রত্যাহার করে নিলাম। তবে হাদিকে হত্যার পূর্বে এবং পরে হাদির সঙ্গে ঠিক কী ঘটেছিল এই বিষয় নিরপেক্ষ আলোচনা এবং তদন্ত আবশ্যক। বিপ্লব পরবর্তী একজন বিপ্লবীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে এর দায় সরকার এবং রাজনৈতিক দলগুলো এড়াতে পারে না।

ওই পোস্টে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বক্তব্য তুলে ধরে ওমর হাদি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট অনুযায়ী ভারত সরকার হাদি হত্যার সঙ্গে জড়িত। তবে এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করছে বাংলাদেশের নাগরিকেরা। কারা শুটারকে জেল থেকে বের করল? কারা অর্থ দিলো? এবং পালিয়ে যেতে সহযোগিতা করলো? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, হাদির খুনিরা যতো শক্তিশালী হোক আপনি তাদের বিচারের মুখোমুখি করুন।’

ওমর হাদির এ সব ফেসবুক পোস্টের বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘তিনি কেন এমন পোস্ট দিয়েছেন, তিনিই ভালো বলতে পারবেন। তবে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন হয়। আমার জানামতে, বিএনপি ও জামায়াত উভয়ই তার সাথে বিভিন্ন পর্যায়ে নেগোসিয়েশন করেছে। তারা বলেছে যে, আপনি যদি অন্য কোনো আসন থেকে নির্বাচন করতে চান, আমরা সহায়তা করব। এর বাইরে আমাদের কাছে অন্য কোনো তথ্য নেই।’

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত ও খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল ও শুক্রবার বাদ জুমা সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে প্ল্যাটফর্মটি।

আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ কর্মসূচি ঘোষণা করেন।

জাবের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করা হবে।

একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত