
কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সড়কের ২০০ মিটার পশ্চিম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল সোমবার বিকেল ৬টায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোহাম্মদ হোসেন নামে ওই কর্মকর্তা। তিনি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মিঠামইন জোনাল অফিসে সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (এইসি) হিসেবে কর্মরত ছিলেন। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের নুর মোহাম্মদ ও বিবি আয়েশা দম্পতির ছেলে তিনি।
পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ হোসেন গতকাল সোমবার বিকেলে ঝাঁপি জাল নিয়ে সড়কে মাছ ধরতে যান। এ সময় হাতের কবজিতে বাঁধা জাল পানিতে ফেললে স্রোতের টানে জালসহ হাওরে বর্ষার পানিতে তলিয়ে যান। খবর পেয়ে মিঠামইন থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা তাৎক্ষণিক উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু পরে প্রবল স্রোত ও আলোর স্বল্পতার জন্য উদ্ধার অভিযান চালাতে পারেনি। আজ মঙ্গলবার সকালে আবারও শুরু করে অভিযান। পরে দুপুর সাড়ে ১২টায় স্থানীয় ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। এ সময় গত ১৩ জুলাই সদ্য বিবাহিত মোহাম্মদ হোসেনের স্ত্রী, বড় ভাই, নিকট আত্মীয় ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্রনাথ গোলদার বলেন, মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে