Ajker Patrika

প্রয়াত সফিউদ্দিন আহমদকে স্মরণ করল উদীচী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
প্রয়াত সফিউদ্দিন আহমদকে স্মরণ করল উদীচী
রাজধানীর পুরানা পল্টনের কমরেড মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট মিলনায়তনে স্মরণানুষ্ঠান আয়োজিত করেছে উদীচী। ছবি: আজকের পত্রিকা

গান, আবৃত্তি, আলোচনা, শ্রদ্ধা ও ভালোবাসায় সদ্য প্রয়াত সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদকে স্মরণ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর পুরানা পল্টনের কমরেড মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট মিলনায়তনে স্মরণানুষ্ঠান আয়োজন করে উদীচী কেন্দ্রীয় সংসদ।

আয়োজনে আলোচকেরা বলেন, স্কুল ও কলেজজীবন থেকেই ড. সফিউদ্দিন আহমদ শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশে নিবেদিত খেলাঘর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মুক্তচিন্তা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের চর্চাকে তিনি আজীবন ধারণ ও লালন করেছেন। সাধারণ মানুষের শক্তি ও সম্ভাবনার প্রতি তাঁর ছিল গভীর আস্থা। তিনি বিশ্বাস করতেন, ইতিহাসের সকল প্রতিকূলতা অতিক্রম করে শেষ পর্যন্ত টিকে থাকে জনমানুষের সৃজনশীল শক্তি।

উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম বলেন, অহমবোধহীন, প্রাণখোলা ও সংস্কৃতিমনস্ক এই মানুষটি আজীবন শিল্প-সাহিত্য ও মানবিক চর্চার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। শারীরিক অসুস্থতা তাঁকে সংগঠনের কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দিলেও থামিয়ে রাখতে পারেনি তাঁর চিন্তা ও মননের প্রবাহ। নয়াপল্টনের বাসভবন দীর্ঘদিন ধরে সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের এক প্রাণবন্ত মিলনকেন্দ্রে পরিণত হয়েছিল, যেখানে গভীর রাত পর্যন্ত চলত সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক প্রাণবন্ত আলোচনা।

উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ড. সফিউদ্দিন আহমদের চিন্তা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। শিক্ষক, গবেষক ও সংগঠক হিসেবে তিনি অসংখ্য ছাত্র, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীকে প্রভাবিত করেছেন। তাঁর প্রগতিশীল চিন্তা, মুক্তবুদ্ধির চর্চা এবং মানবিক মূল্যবোধ আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর স্মৃতি ও আদর্শ বহন করে চলেছে তাঁর শিক্ষার্থীরা, সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের ধারক-বাহকেরা।

আলোচনা সভায় অন্য বক্তাদের কথায় উঠে আসে, ড. সফিউদ্দিন আহমদের রাজনৈতিক ও সামাজিক চেতনার ভিত্তি গড়ে ওঠে ভাষা আন্দোলনের প্রেরণায়। উনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক আন্দোলনের আদর্শ তিনি আজীবন ধারণ ও লালন করেছেন। তাঁর লেখনী, বক্তৃতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালির জাতীয় আত্মপরিচয় এবং মানবমুক্তির আকাঙ্ক্ষা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

আলোচনা পর্বে অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের জীবন, কর্ম ও আদর্শিক লড়াই-সংগ্রামের নানা বিষয়ে আলোচনা করেন উদীচীর সাবেক সহসভাপতি অধ্যাপক এ এন রাশেদা, এম এ আজিজ মিয়া, উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য শংকর সাঁওজাল, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আকমল হোসেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার এবং ড. সফিউদ্দিন আহমদের মেয়ে সুহেলী সায়লা সাথী ও ছেলে সাকী আহমেদ।

আলোচনা পর্বটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পী শাওন কুমার রায় এবং ড. সফিউদ্দিন আহমদ-এর দুই নাতনি স্বস্তি ও স্বজ্ঞা। একক আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য শিখা সেনগুপ্তা।

অনুষ্ঠানের শুরুতেই ড. সফিউদ্দিন আহমদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উদীচী কেন্দ্রীয় সংসদ। এরপর উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’ গানটি সমবেতভাবে পরিবেশন করেন। এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা।

ড. সফিউদ্দিন আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ড. সফিউদ্দিন আহমদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বেলায়েত হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত