
হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডেপুটি কমিশনার মো. নাজমুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন ডা. জোবায়ের আহমেদ। মামলার অন্য আসামি হলেন ফারজানা সাকি। তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের বান্ধবী বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।
বাদীর আইনজীবী ফারুক আহমেদ আজকের পত্রিকাকে জানান, বিচারক মো. জাকির হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ মামলার তদন্ত করবেন।
মামলার অভিযোগে বলা হয়, ডা. জোবায়ের আহমেদ ২০২০ সালের ১০ আগস্ট থেকে কুমিল্লার বড়ুরা থানায় নিজ প্রতিষ্ঠান ডা. জোবায়ের মেডিকেয়ার অ্যান্ড প্যাথলজি সেন্টারে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ২০২২ সালের ৪ ডিসেম্বর বাদীকে দেখা করতে বলেন পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম। বাদী দেখা না করায় নাজমুল তাঁকে হুমকি দেন। পরে বাদী একই বছরের ১৫ ডিসেম্বর নাজমুল ইসলামের সঙ্গে তাঁর অফিসে দেখা করতে যান। সেখানে যাওয়ার পর দেখতে পান, ফারজানা সাকি আগে থেকেই সেখানে রয়েছেন। জোবায়ের আহমেদ তাঁকে ডেকে আনার কারণ জানতে চাইলে নাজমুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। ফারজানা সাকি মারধরের দৃশ্য ভিডিও করেন।
নাজমুল ইসলাম ১৬ ডিসেম্বর বাদী জোবায়ের আহমেদকে ফোন করে মামলা দেওয়ার হুমকি দেন। ফারজানা ও পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম বাদীকে হয়রানি করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, নাজমুল ইসলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় প্রভাব খাটিয়ে ফারজানা খান নামে এক মহিলার মাধ্যমে জোবায়ের আহমেদের বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা দায়ের করান। ২০২৩ সালের ১৯ জানুয়ারি জোবায়ের আহমেদকে কুমিল্লা থেকে ঢাকায় ডেকে নিয়ে আসেন। এরপর ওই দিন ধানমন্ডির একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার হন তিনি। পরে তাঁকে হেফাজতে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। পরে ডা. জোবায়েরকে রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ওই বছরের ৩ এপ্রিল জামিন পান ডা. জোবায়ের আহমেদ।
মামলার অভিযোগে বলা হয়, বাদী এত দিন মামলা করার সাহস পাননি। সরকার পরিবর্তন হওয়ার কারণে তিনি মামলা দায়ের করলেন।

বিএনপি, যুবদল ও জামায়াতের তিনজন নেতা মিলেমিশে এক ব্যবসায়ীর ইজারা নেওয়া রাজশাহীর শহীদ জিয়া শিশুপার্ক দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালের ১০ আগস্ট থেকে পার্কটিতে নিয়ন্ত্রণ হারিয়েছেন আনোয়ার হোসেন নামের ওই ইজারাদার। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
২ ঘণ্টা আগে
এক মাস আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা। কিন্তু জয়-পরাজয় হিসাব-নিকাশ নিয়ে এখনো উত্তাপ কমেনি উপজেলা দুটির বিএনপির নেতা-কর্মীদের।
২ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে একটি সরকারি খাল খননে জটিলতা দেখা দিয়েছে। খালের জমি স্থানীয় এক ব্যক্তির দখলে থাকায় এ জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি স্থানীয় কৃষকেরা খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে মানববন্ধনও করেছেন।
২ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে এই দুই মহাসড়কে ধীরগতির যান চলাচল ও যানজটের চিত্র দেখা গেছে। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিভিন্ন স্থানে সংস্কারকাজ চলমান থাকা, ভাঙাচোরা রাস্তা, অবৈধ যানবাহনের চলাচল এবং বাজার ও বাসস্ট্যান্ডের
২ ঘণ্টা আগে