‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’ প্রতিপাদ্যে ১৪ ও ১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তৃতীয় চর্যাপদ পুনর্জাগরণ উৎসব। ভাবনগর ফাউন্ডেশনের আয়োজনে দুই দিনের এ উৎসবে থাকবে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা, চর্যাসংগীতের আসর, প্রশিক্ষণ কর্মশালা, ভাবনগর সাধুসঙ্গ ও চর্যাসংগীত শোভাযাত্রা। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।
আগামী শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা ও চর্যাসংগীতের আসর অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জার্মান গবেষক ও উন্নয়নকর্মী ড. ম্যাক্স স্টীলে।
বিশেষ অতিথি থাকবেন লার্নিং ডিজাইন স্টুডিওর লার্নিং ডিজাইনার মিখাইল ইদ্রিস এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়। প্রবন্ধ উপস্থাপন করবেন নাট্যকার ও গবেষক ড. সাইমন জাকারিয়া।
আলোচনায় বিশেষ বক্তা হিসেবে অংশ নেবেন তরিকতে আহলে বায়েত বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সভাপতি ডা. শামসুল আলম, কবি শাহেদ কায়েস, সিলেটী নাগরীলিপি গবেষক মোস্তফা সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইম রানা, কবি ও গবেষক ড. আসাদ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জোবায়ের আবদুল্লাহ।
১৫ নভেম্বর রোববার বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির গেটের বিপরীতে ভাবনগর সাধুসঙ্গের আসরস্থলে দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে। দ্বিতীয় দিনের আয়োজনে থাকবে চর্যাসংগীত প্রশিক্ষণ কর্মশালা, ভাবনগর সাধুসঙ্গ ও চর্যাসংগীত শোভাযাত্রা।
চর্যাসংগীত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেবেন সাধকশিল্পী শাহ আলম দেওয়ান এবং ইউনিভার্সিটি অব শিকাগো ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির চর্যাপদ প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া।
দুই দিনের আয়োজনে চর্যাসংগীত পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চর্যাপদের গানের সুরকার, শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া, বরিশালের শাহ আলম দেওয়ান, মানিকগঞ্জের বাউল অন্তর সরকার, শরীয়তপুরের শিলা মল্লিক, পঞ্চগড়ের রবিউল হক, পটুয়াখালীর বাউল আনিস মুন্সী, জামালপুরের হেলাল উদ্দিন, পাবনার ফকির আবুল হাশেম, ঝিনাইদহের জ্ঞানহীন নাইম, ফতেহ কালামসহ দেশের বিভিন্ন জেলার সাধকশিল্পীরা।
২০১৪ সালে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া সাপ্তাহিক ভাবনগর সাধুসঙ্গের মাধ্যমে চর্যাপদের বাণী নিয়ে গবেষণা, সুরারোপ, প্রশিক্ষণ ও পরিবেশনার ধারাবাহিক কাজ শুরু করে ভাবনগর ফাউন্ডেশন। এখন পর্যন্ত ভাবনগর সাধুসঙ্গের ৬৩০টি চর্যাপদের পুনর্জাগরণ আসর সম্পন্ন হয়েছে।
চর্যাপদ প্রকাশের শতবর্ষে ২০১৬ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে প্রথম জাতীয় চর্যাপদ পুনর্জাগরণ অনুষ্ঠান আয়োজন করে ভাবনগর ফাউন্ডেশন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ২০২৪ ও ২০২৫ সালে তিন দিনব্যাপী দুটি চর্যাপদ পুনর্জাগরণ উৎসবও সম্পন্ন করেছে সংগঠনটি। তৃতীয়বারের মতো ভাবনগর ফাউন্ডেশনের আয়োজনে ২০২৬ সালে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।










