
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ত্রুটিগুলো সংশোধন করে সেবা কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন নিহত নবজাতকদের একজনের বাবা হাবিবুর রহমান। আজ শনিবার রাজধানীর হলিডে ইন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
হাবিবুর রহমান বলেন, এটি ছিল তাঁর তৃতীয় সন্তান। প্রথম দুই সন্তানও একই হাসপাতালে স্বাভাবিকভাবে জন্ম নিয়েছিল। সেবায় সন্তুষ্ট থাকায় এবারও তিনি আদ্-দ্বীন হাসপাতালে এসেছিলেন। তাঁরা চান, হাসপাতালের ত্রুটিগুলো সংশোধন করা হোক এবং সেবা কার্যক্রম চালু থাকুক।
সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহত শিশুদের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন হাসপাতালের আইনজীবী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং আদ্-দ্বীন হাসপাতাল—উভয়ই চান না হাসপাতালটি বন্ধ হয়ে যাক বা ক্ষতিগ্রস্ত হোক। তবে এ ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি জানান, পাঁচ সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদনে এক নার্স ও আরেক কর্মীর পেশাগত ঘাটতি পাওয়া গেছে। এর ভিত্তিতে তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে হাসপাতাল কর্তৃপক্ষ ‘অপ্রত্যাশিত অবহেলা’র ফল বলে মনে করছে।
শিশির মনির আরও বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নোটিশ বেআইনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আজীবন বিনা মূল্যে চিকিৎসা, সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের যোগ্য সদস্যদের চাকরির সুযোগ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঈদুল আজহার আগের দিন (২৭ মে) ভোরে মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয়টি নবজাতক আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এর অল্প সময়ের ব্যবধানে একে একে ছয় শিশুরই মৃত্যু হয়। পরে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে ওই দিনই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে রমনা থানায় একটি মামলা করা হয়। গত বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয় এবং পরদিন স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটি তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করে।
এদিকে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে ওই দিনই কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় স্বাস্থ্য অধিদপ্তর। দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্সের বিধান লঙ্ঘন করায় কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চেয়ে এই নোটিশ দেওয়া হয়। নোটিশ জারির ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ আগামীকাল রোববার (৭ জুন) বিকেল ৪টার মধ্যে হাসপাতালটির মালিককে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভূগলী গ্রামে আব্দাল মিয়া (৫০) নামের এক ইটভাটার মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩ ঘণ্টা আগে
আগামী ১৮ মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখানার বাণিজ্যিক উৎপাদন দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট ডেভেলপার...
৩ ঘণ্টা আগে
অভিযানের সময় শহরের সাইন্স ল্যাব হাসপাতাল, ইবনে সিনা ক্লিনিক ও পলি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ সময় বৈধ লাইসেন্স না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা ও বিভিন্ন নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার...
৩ ঘণ্টা আগে