
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা থামছেই না। বাসে ডাকাতি ও ছিনতাই রোধে মহাসড়কের সাভার অংশে পুলিশের একাধিক তল্লাশিচৌকি বসানো হয়েছে। কিন্তু পুলিশের এই তৎপরতার মধ্যে আজ শুক্রবার দুপুরে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ দুপুর ১২টার দিকে ব্যাংক টাউন এলাকায় গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাভার পরিবহনের বাসে (ঢাকা-মেট্রো-ব-১৩-০৭০৬) এ ঘটনা ঘটে। যাত্রীবেশী ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের স্বর্ণালংকার লুটে নেয়।
সাভারের স্থানীয় সাংবাদিক তায়েফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকায় এক আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য আমার স্ত্রীকে নিয়ে আজ দুপুর ১২টার দিকে সাভারের ব্যাংক টাউন বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী সাভার পরিবহনের একটি বাসে উঠি। বাসটি কয়েক শ গজ যাওয়ার পর ব্যাংক টাউন সেতুতে ওঠার সঙ্গে সঙ্গে যাত্রীবেশী চার ছিনতাইকারী হঠাৎ ছুরি হাতে দাঁড়িয়ে যায়। তারা চালককে বাস থামাতে বলে। তাদের কথামতো চালক সেতুর ওপরে বাস থামিয়ে দেন। এরপর ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে কয়েকজন নারী যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে সেতুর ওপর নেমে যায়।’
তাইফুর রহমান আরও বলেন, ‘ছিনতাইকারীরা আমার স্ত্রীর গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে গেছে। যার ওজন প্রায় দেড় ভরি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘ঘটনার পারিপার্শ্বিকতায় মনে হয়েছে, ছিনতাইকারীদের সঙ্গে বাসের চালক ও সহকারীর ঘনিষ্ঠতা রয়েছে এবং তারা পূর্বপরিচিত।’
বিল্লাল হোসেন নামের অপর এক যাত্রী বলেন, ঘটনার পর চালক বাসটি দ্রুতগতিতে চালিয়ে ঢাকার গাবতলীতে থামিয়ে দেন। এরপর যাত্রীদের কয়েকজন বাসের চালক ও সহকারীকে আটক করে সেখানকার একটি বাস কাউন্টারে নিয়ে যান।
এর আগে ৫ এপ্রিল বিকেলে একই এলাকায় (ব্যাংক টাউন) ইতিহাস পরিবহনের একটি বাস থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের টাকা, স্বর্ণালংকার ও অন্য মালপত্র লুটে নেয়। এ ছাড়া গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে ব্যাংক টাউনের অদূরে পুলিশ টাউন এলাকার সেতুর কাছে মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এদিকে গত ২ মার্চ বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনি বাসস্ট্যান্ডের কাছে রাজধানী পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ নিয়ে গত তিন মাসে চলন্ত বাসে অন্তত পাঁচটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটল।
পুলিশের একাধিক কর্মকর্তা ও বাসের কয়েকজন চালক বলেন, এভাবে প্রায় দিনই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। ছিনতাইকারী ও ডাকাতেরা যাত্রীবেশে বাসে উঠে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মাল লুটে নিচ্ছে। এসব ঘটনায় ভুক্তভোগীদের অনেকে থানায় মামলা করছেন। অনেকে আবার ঝামেলা এড়ানোর জন্য থানা-পুলিশ থেকে বিরত থাকছেন।
তাঁরা জানান, যেসব ঘটনায় মামলা হচ্ছে, সেসব ঘটনাই কেবল প্রকাশ্যে আসছে। আর যেসব বাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এর প্রায় সবই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ও ঢাকার মধ্যে চলাচল করে।
যোগাযোগ করা হলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘চলন্ত বাসে ডাকাতি ও ছিনতাই রোধে সম্প্রতি মহাসড়কের সাভার অংশে পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। পুলিশ ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা লোকাল বাসগুলোতে তল্লাশি চালাচ্ছে। এর মধ্যে এ রকম ঘটনা ঘটার কথা নয়। তারপরও আজ বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

ধ্বংসস্তূপের নিচে প্রায় ১৮ ঘণ্টা আটকে থাকার পর অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে সাভারের একটি বেসরকারি হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এরপর পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নেওয়া হয়। টানা পাঁচ বছরের চিকিৎসা ও পুনর্বাসনের পর তিনি দাঁড়াতে সক্ষম হলেও এখনো অন্যের...
১১ মিনিট আগে
স্থানীয়দের অভিযোগ, খালটি দিয়ে বালু ব্যবসায়ীদের ড্রেজার ও বালুবাহী বড় নৌযান চলাচল এবং খালের পাড়ে এসব নৌযান ভিড়িয়ে বালু খালাস করায় পানির গতির চাপ বাড়ছে। এতে দুই পাড়ের মাটি ক্ষয় হয়ে ভাঙন আরও তীব্র হচ্ছে।
২৩ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে ১৩টি গাঁজাগাছসহ শামীম রাড়ী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিনের নেতৃত্বে শামীমকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের শফিজল...
২৯ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এক নারী ডেমোনেস্ট্রেটরকে (প্রদর্শক) জুতা দিয়ে পিটিয়ে আহত করেছেন স্থানীয় বিএনপির এক নেতা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় কলেজে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল।
৩৭ মিনিট আগে