কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধের ঘটনায় শামসুন্নাহার বেগম (৫২) নামে আরও একজন মারা গেছেন। এতে এ ঘটনায় ৪ জনের মৃত্যু হলো।
আজ বুধবার ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মারা যান শামসুন্নাহার বেগম। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
তিনি আরও জানান, এর আগে মারা গেছেন তাঁর মেয়ে দগ্ধ সানজিদা ইসলাম (২০), সাবলেট ভাড়াটিয়া ইফতি সাবা (২৫) ও তাঁর ছেলে আরিস রহমান মাহাদ (১)। এ ঘটনায় মাহাদের বাবা আব্দুর রহমান মানিক ৬ শতাংশ দগ্ধ হয়েছিলেন। তিনি চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ হন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা ও এক বছর বয়সী ছেলে শিশু আরিস রহমান মাহাদ। বাকি দুজন হলেন— পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম ও তাঁর মা শামসুন্নাহার বেগম।
দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে তাঁর স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্না করছিলেন। আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। তখন একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন সবাই।
মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তারা। তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখেছিল বা লিক ছিল। সেখান থেকেই সারা রাত গ্যাস বের হয়েছে। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।









