রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. মাজহারুল (৩২)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশগেটের পাশের বাটা শোরুমের সাইনবোর্ড লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় মাজহারুলকে আটক করে খিলগাঁও থানা-পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।










