Ajker Patrika

৮০ লাখ টাকা ঘুষ দাবি: লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের আসাদুল ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৮: ১৫
৮০ লাখ টাকা ঘুষ দাবি: লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের আসাদুল ২ দিনের রিমান্ডে
গত মঙ্গলবার দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল পরিকল্পিত ফাঁদ অভিযান চালিয়ে সার্ভেয়ার আসাদুল ইসলামকে আটক করে। ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ঘুষের এক লাখ টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হাতেনাতে গ্রেপ্তার সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

দুদকের হাতে গ্রেপ্তার এই সার্ভেয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

৩ নভেম্বর আসাদুল ইসলামকে আদালতে হাজির করার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, আসাদুল ইসলাম লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ার হিসেবে কর্মরত। এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুদক ফাঁদ অভিযান পরিচালনা করে। ৩ নভেম্বর বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে ওই টাকা দেন অভিযোগকারী। টাকা নেওয়ার পর আসাদুল ইসলাম তা তাঁর ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুদকের ফাঁদ দলের সদস্যরা তাঁকে হাতেনাতে আটক করেন।

ঘুষ নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে আসাদুল ইসলাম তা স্বীকার করেন। পরে তাঁর ব্যবহৃত সাইড টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে আগের দিন অভিযোগকারীকে দেওয়া টাকার নম্বরের হুবহু মিল পাওয়া যায়।

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ দণ্ডবিধির ১৬১ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় আসামির বিরুদ্ধে মামলাটি করেন।

মামলায় আরও বলা হয়, সৈনিক (অব.) মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানাধীন কামরাঙ্গীরচর মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমি মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নেন। জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি পৃথকীকরণ এবং স্কেচম্যাপ তৈরির জন্য তিনি গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। তবে প্রায় ছয় মাস লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেননি। একপর্যায়ে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

পরে আসাদুল ইসলাম কাজটি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে জানালে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে ফাঁদ অভিযানের পরিকল্পনা করা হয়। এর ধারাবাহিকতায় অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত