Ajker Patrika

ঢাবির হলে ‘সমকামিতার’ অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল

আজকের পত্রিকা ডেস্ক­
ঢাবির হলে ‘সমকামিতার’ অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল
শেখ মুজিবুর রহমান হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীর আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার রাতে ওই দুই শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন ও হল সংসদ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।’

ঘটনাটি সম্পর্কে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানান, দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগের সত্যতা পাওয়ার পর কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে ওই শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে হল ত্যাগ করতে বলা হয়।

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় প্রশাসনের মাধ্যমে অধিকতর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট এক শিক্ষার্থী জানান, তিনি এই মুহূর্তে মানসিক ধাক্কা বা ‘ট্রমার’ মধ্য দিয়ে যাচ্ছেন এবং এই বিষয়ে কোনো কথা বলতে চান না।

অভিযুক্ত অপর শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে এ ধরনের অভিযোগে ব্যবস্থা নেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে একই ধরনের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক এবং পরবর্তীতে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ ছাড়া সম্প্রতি ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে হল সংসদের সহসাধারণ সম্পাদকের (এজিএস) কক্ষে থাকা দুই অতিথির বিরুদ্ধে অনুরূপ অভিযোগ উঠলে ওই এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করেছিল প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত