Ajker Patrika

‘মুক্তিযুদ্ধের চর্চা যথাযথভাবে হয়নি বলেই চব্বিশে সংকট তৈরি হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৮: ৩৬
‘মুক্তিযুদ্ধের চর্চা যথাযথভাবে হয়নি বলেই চব্বিশে সংকট তৈরি হয়েছে’
জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান বাংলাদেশ, আর্থসামাজিক দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্বেষা’ শীর্ষক গোলটেবিল বৈঠক। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিভিন্ন সময়ে রাষ্ট্রক্ষমতায় থাকলেও দেশে মুক্তিযুদ্ধের চর্চা যথাযথভাবে হয়নি। এ কারণে সমাজে সাম্প্রদায়িকতা, পশ্চাৎপদতা ও মুক্তিযুদ্ধবিরোধী চিন্তার বিস্তার ঘটেছে। ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে সেই সংকট আরও স্পষ্ট হয়েছে বলে মত দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বর্তমান বাংলাদেশ, আর্থসামাজিক দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্বেষা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। নাগরিক সংগঠন সম্মিলিত সামাজিক আন্দোলন এই গোলটেবিল বৈঠক আয়োজন করে।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ভালোভাবে চলছে না। মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ্য ছিল তিনটি, যা স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ ছিল। এগুলো হলো—সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার, যা ৫৫ বছরে বাংলাদেশে এখনো অর্জিত হয়নি।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ছায়ানটের সভাপতি সারওয়ার আলী বলেন, ‘সমাজের গভীরে স্পষ্টত দুটি পরস্পরবিরোধী শক্তি বিরাজমান। বাংলাদেশেও ভয়ের সংস্কৃতি বিরাজমান। তা থেকে আমরা মুক্তি চাই।’

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, সমাজের মধ্যে আগে থেকেই যে পশ্চাৎপদতা ও প্রতিক্রিয়াশীল চিন্তা ছিল, ২০২৪ সালের পর তা প্রকাশ্যে এসেছে। পরাজিত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি সেই পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে।

চব্বিশের আন্দোলনের তরুণদের প্রসঙ্গে ফওজিয়া মোসলেম বলেন, আন্দোলনে অংশ নেওয়া তরুণদের অনেকের মধ্যেই এখনো স্পষ্ট ধারণার অভাব রয়েছে। তাঁদের বিভ্রান্তি দূর করার উদ্যোগ নিতে হবে। আন্দোলনের শুরু হয়েছিল কর্মসংস্থান ও সরকারি চাকরিতে কোটা নিয়ে। কিন্তু মুক্তিযোদ্ধা ও নারী-দেশের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এই দুই শ্রেণির জন্য থাকা কোটা নিয়েই বিরোধিতা তৈরি হয়েছিল।

ফওজিয়া বলেন, এখন কর্মসংস্থানের সংকট আরও বেড়েছে। দেশে যে রাজনৈতিক চর্চা চলছে, তার মধ্য দিয়ে উন্নয়নের পথ তৈরি হচ্ছে না। বরং বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মতো পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের সূত্র ধরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, তারা নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের ইউরোপীয় ক্যানভাস উপস্থাপন করেছিল।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘তারা বলেছিল, গণতন্ত্র দেবে, মতপ্রকাশের স্বাধীনতা দেবে, নাগরিক নিরাপত্তা দেবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র বের করে অর্থনীতিতে গতি সঞ্চার করবে। তারা শপথ করেছিল যে, দুর্নীতি-লুটপাটকে উচ্ছেদ করবে চিরতরে। কিন্তু তাদের নাতিদীর্ঘ শাসনামলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত তো হয়ইনি, বরং সমস্যা আরও গভীরতর হয়েছে। অন্তর্বর্তী সরকারের শাসনামলে মব সংস্কৃতির বিস্তার এবং তরুণ প্রজন্মের চালচলন ও কথাবার্তার মধ্যে অশালীনতা ও দুর্বিনীতভাবের বিকাশ আমাদের বিস্ময়ে বিমূঢ় করে তুলেছিল।’

বীর মুক্তিযোদ্ধা ও কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম এস সবুর বলেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের দায়িত্ব হলো মুয়াজ্জিনের মতো। আজান দিয়ে যেমন মুসলিমদের নামাজে আহ্বান জানানো হয়, তেমনি সমাজে বিরাজমান অস্বস্তি ও অসংগতির বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য আহ্বান জানানো সম্মিলিত সামাজিক আন্দোলনের দায়িত্ব।

অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ তিনটি শত্রুর বিরুদ্ধে লড়াই করে তাদের পরাজিত করে স্বাধীন হয়েছে। সেগুলো হলো—বাঙালি জাতীয়তাবাদবিরোধী মৌলবাদী শক্তি, পাকিস্তানের বিগ হাউস বাইশ পরিবার ও পাকিস্তানের স্বৈরাচারী শাসক মিলিটারি শক্তি। আমেরিকা বা চীন নয়, রাশিয়া বা ভারত নয়; মুক্তিযুদ্ধে জয়ী হয়েছিল বাংলাদেশের জনগণ।

সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ বলেন, ‘আমাদের সংবিধানে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি বিভিন্ন সময়ে নানাবিধ সংশোধনীর মাধ্যমে কলুষিত করা হয়েছে। রাষ্ট্র আজ ধর্মের পরিচয়ে পরিচিত হচ্ছে, কিন্তু রাষ্ট্রের কোনো ধর্মীয় পরিচয় থাকা উচিত নয়।’

গোলটেবিল বৈঠক পরিচালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ। আরও অংশ নেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শহীদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত