Ajker Patrika

শিশু-নারী-সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১: ১৭
শিশু-নারী-সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ বুধবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। ছবি: আজকের পত্রিকা

হত্যা, নিখোঁজ ও সহিংসতার ঘটনায় সরকারের জবাবদিহি দৃশ্যমান করা এবং শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি।

আজ বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। ‘হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহি দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করো’—প্রতিপাদ্যে কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট সালমা আলী। তিনি বলেন, অপরাধ দমনে শুধু আইনি কাঠামো থাকলেই হবে না। পুলিশ, আইনজীবী ও বিচার বিভাগের সমন্বিত জবাবদিহি নিশ্চিত করতে হবে। দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দৃশ্যমান করতে হবে। সহিংসতার ঘটনা ঘটার আগেই তা প্রতিরোধে দলমতের ঊর্ধ্বে উঠে সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার রক্ষা এবং ভয়মুক্ত ও নিরাপদ সমাজ গঠনে নাগরিক সমাজের সঙ্গে সমন্বয় করে সরকারকে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ক্ষমতা ও অপরাধের দীর্ঘদিনের ‘অশুভ আঁতাত’ ভাঙতে হবে। মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের আরও তৎপর হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। সমাজ থেকে অপরাধের মূলোৎপাটনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাল্যবিবাহ, বহুবিবাহ কিংবা মাদ্রাসায় শিশু নিগ্রহের মতো ঘটনা যেন ধামাচাপা না পড়ে, তা নিশ্চিত করতে হবে। ভুক্তভোগীকে দোষারোপের প্রবণতা বন্ধে এ ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী জানান, প্রতিটি সহিংসতার ঘটনায় তাঁরা ক্ষুব্ধ ও বিচলিত। এসব ঘটনায় রাষ্ট্রযন্ত্রের জোরালো ভূমিকা দেখা যাচ্ছে না, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একে অন্যকে দোষারোপের প্রবণতা দেখা যাচ্ছে। দায়িত্ব এড়িয়ে যাওয়ার এ প্রবণতা পরিহার করে প্রতিটি সহিংসতার ঘটনায় অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের প্রতিনিধি শামসুন্নাহার কলি, কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত