Ajker Patrika

এক সপ্তাহে হকার সমস্যা সমাধানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ২২: ১২
এক সপ্তাহে হকার সমস্যা সমাধানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে রোববার ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’– শীর্ষক আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর হকারদের পুনর্বাসন ও ব্যবসায় শৃঙ্খলা ফেরাতে এক সপ্তাহের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, হকারদের পরিচয়পত্র ও ভ্যানের নম্বর দেওয়া হবে এবং সিটি করপোরেশনের নিবন্ধনের আওতায় আনা হবে। একই সঙ্গে হকারদের জন্য হলিডে মার্কেট চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হকারদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত হকার-সংকট সমাধানে যাওয়ার কথা জানিয়ে মো. আবদুস সালাম বলেন, ‘এক সপ্তাহের মধ্যে আমরা সমাধান করতে চাই। প্রথম শর্ত হলো, রাস্তা খালি করতে হবে, ফুটপাতে যেখানে আছেন, আমরা মাইপা ঠিক করে দেব। পুলিশ থাকবে, সিটি করপোরেশন থাকবে।’

হকারদের জন্য নির্ধারিত জায়গা ব্যবহারের ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করার কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ওই জায়গা অন্য কেউ নিতে পারবে না। আর আপনারাও সিটি করপোরেশনের অনুমতি ছাড়া অন্য কাউরে দিতে পারবেন না। যদি দেন, আবার রেজিস্ট্রেশন হতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া আপনি যদি অন্য কাউকে দেন, তাহলে আপনার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।’

হকারদের নিবন্ধনের আওতায় আনার বিষয়ে প্রশাসক বলেন, ‘আপনাদের আইডি কার্ড দেব। আপনাদের ভ্যানের নম্বর দেব। আপনারা রেজিস্টার্ড হবেন সিটি করপোরেশনে। যখন রেজিস্টার্ড হয়ে যাবেন এবং সিটি করপোরেশনকে টাকা দেবেন, তখন আর অন্য কেউ আপনাদের কাছ থেকে টাকা নিতে পারবে না। চাঁদাবাজি বন্ধ।’

প্রশাসক আরও বলেন, ‘আমরা সব দেব এবং আপনাদেরও কথা দিতে হবে, এই রেজিস্ট্রার যাঁরা, এর বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না।’

নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, ‘হকারদের সমস্যা আমি দীর্ঘদিন ধরে জানি। যেহেতু আমি বহু আগে ডেপুটি মেয়র ছিলাম, তাই আমি এর পারমানেন্ট একটা সলিউশন করতে চাই।’

হকার সংগঠনগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগের কথা জানিয়ে প্রশাসক আবদুস সালাম বলেন, ‘আজকে ওপেন বলে গেলাম—আপনাদের এখানে যে সমস্ত সমিতি আছে, প্রতিটা সমিতির দুজন করে আমি ডাকব। আপনারা আসেন, আমাদের সঙ্গে বসেন, সেখানে পুলিশের প্রতিনিধিও থাকবে, অন্যান্য সংগঠনের প্রতিনিধিও থাকবে। সেখানে বসে আলাপ-আলোচনার ভিত্তিতে আমরা সমাধান করতে চাই।’

ঢাকার রিকশা ব্যবস্থাপনা নিয়েও শৃঙ্খলা আনার প্রয়োজনীয়তার কথা বলেন প্রশাসক। তিনি বলেন, ঢাকা শহরে রিকশার সমস্যা বেড়ে গেছে, ডাবল ডাবল হয়ে গেছে। এটারও তো একটা সমাধান করতে হবে। যদি করতে হয়, তাহলে তাদেরও শৃঙ্খলায় আনতে হবে। সব রিকশা সব জায়গায় চলবে না।

আবদুস সালাম আরও বলেন, ‘ওই কেরানীগঞ্জের রিকশা ঢাকা শহরে চলবে না। উত্তরের রিকশা দক্ষিণে চলবে না। আমরা কিছু অঞ্চল ভাগ করে দেব। প্রয়োজনে আমরা দিনক্ষণ ঠিক করে দেব। কারণ, একটা শৃঙ্খলা আনা ছাড়া তো হবে না।’

হকারদের জন্য হলিডে মার্কেট চালুর পরিকল্পনার কথা জানিয়ে প্রশাসক বলেন, ‘আমরা হলিডে মার্কেট করব, শুক্রবার-শনিবার। ঢাকার যেকোনো বড় রাস্তা—মতিঝিল হোক, মতিঝিলের বাইরে, যেকোনো জায়গায় হোক। শুক্র-শনিবার পুরো রাস্তা বন্ধ থাকে।’

বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কালাম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম খাঁন, লেবার অ্যাট ইনফরমাল ইকোনমি সোসাইটির ন্যাশনাল কো-অর্ডিনেটর ফরিদা খানম, শাহবাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ ইসলাম বাবু, বাংলাদেশ শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেনসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত হকারেরা।

উল্লেখ, এর আগে গত মে মাসে ডিএসসিসি ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনা জাতীয় নীতিমালা’র অংশ হিসেবে গুলিস্তান এলাকায় পরীক্ষামূলকভাবে ১০০ জন হকারকে ডিজিটাল কার্ড প্রদান করে নির্দিষ্ট স্থানে বসার অনুমতি দিয়েছিল। তবে সেই হকারদের নির্দিষ্ট স্থানে বসাতে পারেনি ডিএসসিসি। সম্প্রতি সংস্থাটির বাজেট ঘোষণার পর প্রশাসক হকারদের নির্দিষ্ট স্থানে বসানোর বিষয়ে আবারও উদ্যোগের কথা জানিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার পুরো ঢাকা দক্ষিণে এমন উদ্যোগের কথা জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত