Ajker Patrika

সিলেটে বিদ্যুতায়িত হয়ে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

সিলেট প্রতিনিধি
সিলেটে বিদ্যুতায়িত হয়ে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
প্রতীকী ছবি

সিলেটে পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে নাইম হোসেন (২০) নামের সিলেট সিটি করপোরেশনের এক কর্মচারী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে নগরীর ছড়ারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুজন গুরুতর আহত হন।

নাঈম সিলেট নগরীর কোতোয়ালি থানার শেখঘাট ভাঙ্গাটিকরপাড়া এলাকার মুহিবুরের ছেলে। আহতরা হলেন একই এলাকার ইলিয়াছ আলীর ছেলে অপু (১৯) এবং নগরীর শাহ পরান (রহ.) থানাধীন শিবগঞ্জ খারপাড়া এলাকার আল-আমিন। তাঁদের বাড়ি কিশোরগঞ্জ জেলায় হলেও বর্তমানে সিলেটের বিভিন্ন স্থানে বসবাস করছেন।

জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সিটি করপোরেশনের তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় কাজে বের হন শ্রমিকেরা। এদিন নগরীর ছড়ারপাড় এলাকায় একটি জামে মসজিদের ছাদ পরিষ্কারের কাজে যান চারজন শ্রমিক।

এ সময় তাঁদের সঙ্গে মসজিদ কমিটির ক্যাশিয়ারও ছিলেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার একপর্যায়ে তিনজন শ্রমিক মসজিদের ছাদে রাস্তার পাশের অংশে কাজ করছিলেন। ওই স্থানে লম্বা ও বাঁকা কয়েকটি রড ছিল। কাজ করার সময় ওই রডের সংস্পর্শে বিদ্যুতায়িত হন তিনজন।

তাঁদেরকে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। বাকিরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ। তিনি বলেন, পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে নাঈম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে বাঁচাতে গেলে অন্য দুজনও আহত হন। তাঁদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নাঈম মারা যান। বাকিরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। আহতদের চিকিৎসার ব্যয়ভার, নিহতের দাফনকাফনসহ সব ধরনের সহযোগিতাও সিটি করপোরেশন বহন করবে। নাঈমের লাশ ওসমানী মেডিকেল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত