Ajker Patrika

চিকিৎসা নিতে ঢাকায়, দ্রুতগতির বাইক দেখে পড়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৯: ০২
চিকিৎসা নিতে ঢাকায়, দ্রুতগতির বাইক দেখে পড়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর
প্রতীকী ছবি

অসুস্থ শরীর নিয়ে মেয়েকে সঙ্গে করে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন মিজান বেগম (৪৫)। উদ্দেশ্য ছিল কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসক দেখিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা। কিন্তু হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল দেখে ভয় পেয়ে সড়ক বিভাজকের ওপর পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি তাঁকে।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

মিজান বেগমের স্বামী মোহাম্মদ আলী গ্রামের কৃষিকাজ করেন। তাঁদের মেয়ে রিমা আক্তারকে সঙ্গে নিয়েই চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন তিনি।

মিজান বেগমের ভাই মোস্তাফিজুর রহমান জানান, তাঁদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামে। কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন মিজান। আজ সকালে ১৬ বছর বয়সী মেয়ে রিমা আক্তারকে সঙ্গে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে ঢাকায় আসেন তিনি।

মোস্তাফিজুর আরও জানান, কুর্মিটোলা হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল দেখে তাঁর বোন ভয় পেয়ে যান। এ সময় ভারসাম্য হারিয়ে সড়ক বিভাজকের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। পথচারীদের সহায়তায় তাঁকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত