Ajker Patrika

যাত্রাবাড়ীতে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণে দুজন আহত

ঢামেক প্রতিবেদক
যাত্রাবাড়ীতে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণে দুজন আহত
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ককটেল বিস্ফোরণে রিকশাচালক বিল্লাল হোসেন (৩২) ও গ্রাফিকস ডিজাইনার জাকারিয়া হোসেন (২৪) আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিল্লাল এবং রাত ৯টার দিকে জাকারিয়া আহত হন। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত জাকারিয়ার স্ত্রী সুমাইয়া খাতুন জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকায়। জাকারিয়া গ্রাফিকস ডিজাইনার এবং পাসপোর্ট অফিসের পাশে তাঁর দোকান রয়েছে।

সুমাইয়া খাতুন বলেন, সদরঘাট এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন তাঁরা। রাতে সেখান থেকে সাইনবোর্ড এলাকার বাসায় ফিরছিলেন। যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে রিকশায় ওঠার সময় পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে জাকারিয়ার থুতনির নিচে গুরুতর জখম হয়।

আহত বিল্লালের মামাতো ভাই বাচ্চু চাকলাদার জানান, বিল্লালের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বর্তমানে তিনি ডেমরার কোনাপাড়ায় থাকেন এবং নিজের অটোরিকশা চালান।

বাচ্চু চাকলাদার বলেন, সন্ধ্যায় যাত্রাবাড়ী চৌরাস্তায় সামাদ সুপার মার্কেটের সামনে রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন বিল্লাল। এ সময় তাঁর পাশে দুই থেকে তিনটি বিকট শব্দ হয়। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। পরে বিল্লাল দেখেন, তাঁর ডান হাতের কবজি থেকে রক্ত ঝরছে। স্থানীয় লোকজন তাঁকে সেখান থেকে সরিয়ে নেন। খবর পেয়ে স্বজনেরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ী থেকে ককটেল বিস্ফোরণে আহত দুজন হাসপাতালে এসেছিলেন। বিল্লালের ডান হাতের কবজি এবং জাকারিয়ার থুতনিতে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনই চলে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত