Ajker Patrika

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: ২০৭২৭ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭০৬৯, গণনা শুক্রবার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: ২০৭২৭ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭০৬৯, গণনা শুক্রবার
ফাইল ছবি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেন আইনজীবীরা। তবে ২০ হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৭ হাজার ৬৯ জন। প্রথম দিনে ২ হাজার ৭৫৯ জন ও আজ দ্বিতীয় দিনে ৪ হাজার ৩১০ জন ভোটার ভোট দিয়েছেন।

নির্বাচন কমিশনার রায়হান মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল নির্বাচন না করায় ভোটারের উপস্থিতি কম ছিল বলে ধারণা করছেন আইনজীবীরা। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আইনজীবীরা তাঁদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের প্রতিনিধি নির্বাচন করতে ভোট দিয়েছেন। এখন ভোট গণনার পালা।

আগামীকাল শুক্রবার ভোট গণনা করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।

এবারের নির্বাচনে আলোচিত দিক হলো আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা কোনো প্যানেল দিতে পারেননি। আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে দুই দশকের বেশি সময় ধরে একই প্যানেলে নির্বাচন করা বিএনপি ও জামায়াত এবার পৃথক প্যানেল দিয়ে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের আইনজীবী নেতা নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদ-সমর্থিত আইনজীবীরা লড়ছেন ‘নীল প্যানেলে’ (বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল)। অন্যদিকে, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সমর্থিত আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়েছেন ‘সবুজ প্যানেলে’ (আইনজীবী ঐক্য পরিষদ)। প্রতিটি প্যানেল থেকে ২৩ জন করে মোট ৪৬ জন এবং স্বতন্ত্র আটজনসহ মোট ৫৪ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মোহাম্মদ ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে বলাই চন্দ্র দেব ও মোহাম্মদ শহিদুল্লাহ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অনুকূল পরিবেশ না থাকায় এবার আওয়ামী লীগ-সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ (সাদা প্যানেল) নির্বাচনে অংশ নেয়নি। কিছু আওয়ামীপন্থী আইনজীবী স্বতন্ত্র হিসেবে লড়তে চাইলেও ‘অনুমতি’ না মেলায় তাঁরা অংশ নিতে পারননি বলেও অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত