
রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে যান চলাচলে শৃঙ্খলা আনতে বৃহস্পতিবার গভীর রাতে আবার যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে ১১৯টি গাড়ির বিরুদ্ধে ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকার মামলা করা হয়। এ ছাড়া চারটি গাড়ি জব্দ ও এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
৩০০ ফিট সড়কের বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে গভীর রাত পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালায়। এতে সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ ও খিলক্ষেত থানা-পুলিশ অংশ নেয়। এ সময় ঢাকা-রূপগঞ্জ মহাসড়কের উভয় পাশ এবং সড়কের পাশের দুটি শাখা রোডে সেনাবাহিনীর তল্লাশিচৌকি বসানো হয়।

উত্তরার হজ ক্যাম্প আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুতগতিতে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং জাল লাইসেন্সের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।’
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, যৌথ অভিযানে মোট ১১৯টি মামলা হয়েছে এবং ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। একজনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা-রূপগঞ্জ মহাসড়কের ৩০০ ফিট হিসেবে পরিচিত অংশটির প্রশস্ততা ও মসৃণতার জন্য সেখানে বিশেষ করে তরুণদের মধ্যে পাল্লা দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল ও গাড়ি চালানোর প্রবণতা রয়েছে। এ কারণে সেখানে দুর্ঘটনায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। সড়কটির বিভিন্ন অংশে মাদক কারবারিসহ অপরাধীদের তৎপরতাও রয়েছে।
এর আগে গত ১৬ ও ১৭ অক্টোবর রাতে একই সড়কে অভিযান চালানো হয়। ১৭ অক্টোবর রাতে সরকারি কাজে বাধা দেওয়া ও অবৈধ মদ রাখার অভিযোগে ১২ তরুণ-তরুণীকে আটক করেন সেনাসদস্যরা। এ ছাড়া ১৩৬টি গাড়ির বিরুদ্ধে প্রায় আড়াই লাখ টাকার মামলা দেওয়া হয়। আর ১৬ অক্টোবর রাতে ৮১টি গাড়ির বিরুদ্ধে ১ লাখ ৪১ হাজার টাকার মামলা দেওয়া ছাড়াও ৯টি মোটরসাইকেলসহ ৫ জন চালককে আটক করা হয়।

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করা হয়েছে। প্রায় ২০টি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে।
২৫ মিনিট আগে
তালতলীতে স্কুল ফিডিং প্রকল্পের শিশুশিক্ষার্থীদের মধ্যে পচা ডিম ও রুটি সরবরাহের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। এ ছাড়া বিষয়টি নিয়ে আগামী সোমবার সভা ডেকেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
১ ঘণ্টা আগে
সাহিত্য, শিল্প ও মানবিকতার মেলবন্ধনে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল। পদ্মা নদীর তীরঘেঁষা নগরের বড়কুঠি মুক্তমঞ্চে ও পদ্মাগার্ডেন-সংলগ্ন উন্মুক্ত প্রাঙ্গণে প্রথমবারের মতো এই আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরা উপজেলায় দুটি গ্রামে গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে শতাধিক ছাগল মারা গেছে। এতে খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, গ্রামীণ নারী উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়েছেন।
২ ঘণ্টা আগে