Ajker Patrika

অটোরিকশা গ্যারেজে ইমরানকে গুলি করে হত্যা, ৩ আসামি রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
অটোরিকশা গ্যারেজে ইমরানকে গুলি করে হত্যা, ৩ আসামি রিমান্ডে
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরান (৩৮) হত্যা ও তার বন্ধু সাদ্দামকে গুলি করে আহত করার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।

যাদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন হলেন রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ, মো. কামরুল হাসান ও মো. সাইফুল হোসেন।

আজ আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈম।

মামলা সূত্রে জানা যায়, ২ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে আসামি রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ ও কামরুল হাসানের সঙ্গে অটোরিকশা ব্যবসায়ী সাগর খান ওরফে ইমরানের বিরোধ চলছিল। এর জেরে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে রিয়াজ, কামরুলসহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি মোটরসাইকেলে করে হেলমেট পরা অবস্থায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ইমরানের গ্যারেজে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। একপর্যায়ে রিয়াজ পেছন থেকে ইমরানের মাথায় গুলি করলে তিনি গুরুতর আহত হন। পরে ইমরানের বন্ধু সাদ্দামকে মারধর করা হয়। তিনি পালানোর চেষ্টা করলে রিয়াজ তাঁর বাম পায়ে গুলি করেন। পরে অন্য আসামিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে স্থানীয়রা ইমরান ও সাদ্দামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন এবং সাদ্দামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা ইমরানের কাছ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল এবং সাদ্দামের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় সাগর খান ওরফে ইমরানের স্ত্রী ৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত