
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজউক, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণে প্রকল্পের উদ্দেশ্য এত দিনেও বাস্তবায়িত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, অনেক অর্থ ব্যয় হলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যায়নি; বরং প্রকল্পের সময় লেকের জায়গা বরাদ্দ দিয়ে বাণিজ্যিকীকরণ করা হয়েছে।
সাত স্থানে এখনো সরাসরি সুয়ারেজ লাইন: পরিবেশগত উন্নয়নকে মূল লক্ষ্য ধরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধীনে গুলশান-বনানী-বারিধারা লেকে কয়েক শ কোটি টাকা ব্যয় হলেও লক্ষ্য পূরণ হয়নি। উল্টো দুর্গন্ধ ও আবর্জনাপূর্ণ ময়লা পানি লেক এবং এর আশপাশের পরিবেশ বিষিয়ে তুলেছে। প্রকল্পটি নিয়ে সম্প্রতি প্রকাশিত পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল লেকটির অন্তত সাতটি স্থানে সরাসরি সুয়ারেজ ও ড্রেনেজ লাইন সংযুক্ত রয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেকের দূষণ নিয়ন্ত্রণে ঢাকা ওয়াসার পূর্বপরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯ কিলোমিটার লেকের মধ্যে মাত্র প্রায় আড়াই কিলোমিটার অংশ থেকে ক্ষতিকর স্লাজ (আঠালো বর্জ্য), পলি এবং অন্যান্য বর্জ্য অপসারণ করে ঢাকার বাইরে পরিবেশসম্মতভাবে স্থানান্তর করা হয়েছে। তবে লেকের বড় একটি অংশে এখনো বিপুল পলি ও বর্জ্য জমে রয়েছে। এতে ভবিষ্যতে পানি ধারণক্ষমতা আবারও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ভান্ডার পুনর্ভরণ-প্রক্রিয়াও বাধাগ্রস্ত হতে পারে।
অডিট আপত্তির বড় অংশই অনিষ্পন্ন: গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্প শুরু হয়েছিল ২০১০ সালের জুলাই মাসে। প্রথমবার প্রকল্পের মেয়াদ ছিল জুন ২০১৩ পর্যন্ত। পরে ২০২৫ সালে মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ডিসেম্বর করা হয়। প্রথমে অনুমোদিত ব্যয় ছিল ৪১০ কোটি ২৫ লাখ টাকা। কয়েক দফা মেয়াদ বৃদ্ধি, ভূমি অধিগ্রহণ এবং নতুন কর্মসূচি সংযোজনের মাধ্যমে ২০২৫ সালের ৭ মে প্রথম সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় বেড়ে দাঁড়ায় ৫৫৫ কোটি ৩১ লাখ টাকা।
প্রকল্পের সময় বাড়ার সঙ্গে অনেক অনিয়মের বিষয় অডিট আপত্তিতে উঠে এসেছে। আপত্তিগুলোর বড় অংশই অনিষ্পন্ন রয়েছে। প্রকল্পের মোট ২৩টি অডিট আপত্তির আর্থিক অঙ্ক ১৭২ কোটি টাকা। এর মধ্যে মাত্র ৯টির নিষ্পত্তি হয়েছে। অনিষ্পন্ন আপত্তির আর্থিক অঙ্ক ১৬৬ কোটি টাকা। অডিট আপত্তিগুলোর মধ্যে রয়েছে লেক খনন এবং লেকপাড়ে মাটি ভরাট ছাড়াই ঠিকাদারকে বিল পরিশোধ করা, বেশি কাজ দেখিয়ে ভুয়া বিল তৈরি, ড্রাইভওয়ে নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনিয়মিতভাবে অর্থ পরিশোধ ইত্যাদি।
এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক (পিডি) ছাবের আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভূমি অধিগ্রহণসহ কিছু জটিলতায় প্রকল্পের মেয়াদ বেড়েছে। ঢাকা ওয়াসা সুয়ারেজ লাইনগুলো ঠিক করলে লেকের পানির পরিস্থিতির উন্নতি হবে। আর অডিট আপত্তিগুলো অনেক আগের। আমি পিডির দায়িত্ব পেয়েছি বেশি দিন হয়নি।’
জানতে চাইলে স্থপতি ইকবাল হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রকল্প নিয়ে নাটক অনেক আগে থেকে চলছে। প্রকল্পের সময় লেকের জায়গা ভরাট করে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। অনেক অর্থ অপচয় করা হয়েছে। প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এসব অনিয়মের কিছু সুবিধাভোগী রয়েছে।’
আইএমইডির পরামর্শ: প্রতিবেদনে ড্রেনেজ ও সুয়ারেজের বর্জ্য প্রবেশ বন্ধে পৃথক স্টর্ম ওয়াটার ও সুয়ারেজ ব্যবস্থাপনা অবকাঠামো নির্মাণ, নিয়মিত পরিচ্ছন্নতার সূচি চালু, রাজউক, ডিএনসিসি ও প্রকল্প কার্যালয়ের মধ্যে সমন্বয়ের জন্য মাসিক অগ্রগতি সভা করা, অবৈধ দখল নিয়ন্ত্রণে উচ্ছেদ অভিযান, আইন প্রয়োগকারী সংস্থার সম্পৃক্ততা এবং কমিউনিটি মনিটরিং জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
১ ঘণ্টা আগে
সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ খেলার মাঠে এবারও মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরই মধ্যে মাঠে স্টল ও অবকাঠামো নির্মাণের কাজ করছেন উদ্যোক্তারা। শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ করে এই মেলার আয়োজন নিয়ে সমালোচনা করছেন স্থানীয় বাসিন্দা...
১ ঘণ্টা আগে
খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সংকটের কারণে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসের বেশি সময়ে ৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রয়েছেন তিনজন। এসব আদালতে ১৯ হাজার মামলা বিচারাধীন। অর্থাৎ ৬ হাজার মামলার বিচারকার্য চালাতে হিমশিম খাচ্ছেন...
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে