অসীম কুমার উকিল ও স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে দুদকের দুই মামলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে প্রায় ছয় কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান। দুদকের সহকারী পরিচালক মো. রাসেল রনি সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা দুটি দায়ের করেন। দুদকের প্রধান কার্যালয়ের গত ১৯ অক্টোবরের অনুমোদনের ভিত্তিতে এ মামলা করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, অসীম কুমার উকিলের বিরুদ্ধে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৫৬ লাখ ১৯ হাজার ৪৩৭ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, অপু উকিলের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকার অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি স্বামীর সঙ্গে যোগসাজশে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর ও হস্তান্তরের অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে তাঁদের বিরুদ্ধে ৫ কোটি ৭০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের এজাহার সূত্রে জানা গেছে, অসীম কুমার উকিল তাঁর সম্পদ বিবরণীতে ৬ কোটি ৩০ লাখ ১৬ হাজার ২৭৫ টাকার স্থাবর এবং ৯০ লাখ ১৯ হাজার ৫৮ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৭ কোটি ২০ লাখ ৩৫ হাজার ৩৩৩ টাকার সম্পদের তথ্য দেন। তবে অনুসন্ধানে তাঁর নামে ৭ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৭৭০ টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। এ হিসাবে তিনি সম্পদ বিবরণীতে ৫৬ লাখ ১৯ হাজার ৪৩৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেছে দুদক।
এজাহারে বলা হয়েছে, অসীম কুমার উকিলের গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৭ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৯৯২ টাকা। বিভিন্ন খাতে তাঁর মোট ব্যয় ২ কোটি ৮ লাখ ৪৫ হাজার ৫৪৪ টাকা। ব্যয় বাদে সম্পদ অর্জনের জন্য তাঁর বৈধ উৎসের পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৪৪ লাখ ১৩ হাজার ৪৪৮ টাকা। কিন্তু অনুসন্ধানে তাঁর নামে পাওয়া সম্পদের পরিমাণ ৭ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৭৭০ টাকা। এতে তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার সম্পদ পাওয়া গেছে।
এসব অভিযোগে অসীম কুমার উকিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
অন্যদিকে, অপু উকিলের সম্পদ বিবরণী যাচাই করে তাঁর নামে ২ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৪৯৬ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এজাহার অনুযায়ী, তাঁর গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৪ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৯৪৬ টাকা। তবে বিভিন্ন খাতে তাঁর মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৮৩১ টাকা। ফলে সম্পদ অর্জনের জন্য তাঁর বৈধ উৎসের পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্মক ১ কোটি ২৯ লাখ ৭ হাজার ৮৮৫ টাকা। এ হিসাবে তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকা।
এ ছাড়া স্বামী অসীম কুমার উকিলকে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার অভিযোগ রয়েছে অপু উকিলের বিরুদ্ধে। দুদকের এজাহারে বলা হয়েছে, ২০১৬-১৭ করবর্ষে ৬১ লাখ ৫০ হাজার, ২০১৭-১৮ করবর্ষে ১৫ লাখ, ২০১৮-১৯ করবর্ষে ১০ লাখ এবং ২০২০-২১ করবর্ষে ৪০ লাখ টাকা স্বামীকে দেন তিনি।
দুদকের অভিযোগ, অর্থের অবৈধ উৎস, অবস্থান ও মালিকানা গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজশে এসব অর্থ স্থানান্তর ও হস্তান্তর করেছেন।
এসব অভিযোগে অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দণ্ডবিধি, ১৮৬০-এর ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে অসীম কুমার উকিলের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।







