Ajker Patrika

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: গ্রেপ্তার ছয়জন ২ দিনের রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৬
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: গ্রেপ্তার ছয়জন ২ দিনের রিমান্ডে
প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ছয় আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৪৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো. রহমান হাওলাদার (৫৬), মো. বিল্লাল (৫২) ও মো. মারুফ (৩৮)।

বিকেলে ছয়জনকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মো. আনোয়ার হোসেন আসামিদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।

এ-সংক্রান্ত মামলার এজাহার থেকে জানা যায়, ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির মিরপুর বিভাগের একটি দল জানতে পারে, কয়েকজন দুষ্কৃতকারী শাহবাগ থানাধীন বাংলাদেশ বার কাউন্সিলের বিপরীত পাশের ফুটপাতে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। এ সময় ছয়জনকে আটক করা হয়।

তাঁদের তল্লাশি করে একটি খেলনা পিস্তল, ৩ দশমিক ২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি কালো রঙের খেলনা ওয়াকি-টকি, একটি হ্যান্ডকাফ এবং ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করে পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ও পোশাক ব্যবহার করে ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। এই চক্রের মূল রহস্য উদ্‌ঘাটন এবং তাঁদের পলাতক সহযোগীদের গ্রেপ্তারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত