
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ফুটপাত ফের হকারদের দখলে। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে কিছুটা স্বস্তি মিললেও ফের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়েছেন হকারেরা।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মো. আব্দুর রশিদ নামের এক হকার ফুটপাতে পোশাক বিক্রি করছেন। তবে তাঁর চোখেমুখে আতঙ্ক স্পষ্ট। তিনি বলেন, ‘২ এপ্রিল পুলিশের অভিযানে দোকান উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পেটের দায়ে আবারও বসেছি। এখন শুধু ভয় লাগে। ভয়ে ভালোভাবে বিক্রিও করতে পারছি না।’
রাজধানীর একাধিক এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, উচ্ছেদ অভিযান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ফের ফুটপাত ও সড়ক দখলে নিয়ে ব্যবসা করছেন হকারেরা। অভিযানের ভয়ে অনেক দোকানি সকালে দোকান না খুললেও দুপুর থেকে বসা শুরু করেন। ফলে সকালে জনভোগান্তি ও যানজট তেমন না দেখা গেলেও বিকেলে ভোগান্তিতে পড়েন পথচারীরা।
গুলিস্তান এলাকায় আবদুল্লাহ আল মামুন নামের এক পথচারী বলেন, প্রতিদিন উচ্ছেদ অভিযান চালিয়েও স্থায়ী সমাধান হচ্ছে না। ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে সড়কে হাঁটতে হচ্ছে, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং যানজটও তীব্র হচ্ছে।
জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে তাঁরা (হকার) বসতে না পারেন। তবে শুধু পুলিশের পক্ষে সবকিছু সম্ভব নয়। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’
এর আগে ১, ২ ও ৫ এপ্রিল গুলিস্তান, কাপ্তানবাজার, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, বকশীবাজার, চানখাঁরপুল এবং বংশাল এলাকায় পুলিশ ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়।
গত ২৩ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে অনেক রেস্তোরাঁ, ওয়ার্কশপ, দোকান ফুটপাত ও সড়ক দখল করে কার্যক্রম চালাচ্ছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং সড়কে যানজট ও নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, সকালে এসব এলাকায় অবৈধ দোকান কম থাকলেও বেলা ২টার পর থেকে হকাররা আবার ফিরে আসতে শুরু করেন। ধীরে ধীরে তাঁদের সংখ্যা বাড়তে থাকে। বিশেষ করে গুলিস্তান এলাকায় কাপড়, জুতা, ফাস্ট ফুড এবং ইলেকট্রনিকস পণ্যের অস্থায়ী দোকান বসতে দেখা যায়। ফুটপাত ছাড়াও সড়কের ওপর ভ্যান ও অস্থায়ী দোকান বসিয়ে পণ্য বিক্রি করছেন অনেকে। ঢাকা মেডিকেল কলেজ এলাকার সড়কও সকাল থেকে ফল, চা-বিস্কুট ও খাবারের দোকানে সড়ক দখল হয়ে থাকে, ফলে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং তীব্র যানজট তৈরি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দিনে উচ্ছেদ করা হলেও বিকেলের পর আবার পুরো এলাকা দখল হয়ে যায়।
ফল বিক্রেতা বাহাউদ্দীন বলেন, ‘এক দিন না বসলে সংসার চলে না। তাই আবার আসতেই হয়। মাঝে মাঝে অভিযান চালিয়ে শুধু আমাদের হয়রানি করা হচ্ছে।’ আরেক দোকানি আলী হোসেন বলেন, ‘সংসার চালাতে ব্যবসা করতেই হবে। কিন্তু আতঙ্কের মধ্যে ব্যবসা করতে হচ্ছে। জরিমানা দিয়ে টিকে থাকা কঠিন।’
বাংলাদেশ হকার্স ইউনিয়নের তথ্যমতে, রাজধানীতে প্রায় ৫ লাখ হকার রয়েছেন। গুলিস্তান, কাপ্তানবাজার ও নিউমার্কেট এলাকায় তাঁদের সংখ্যা বেশি। তাঁদের অনেকে ১০ থেকে ৪০ বছর ধরে এ পেশার সঙ্গে যুক্ত।
জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক হযরত আলী অভিযোগ করেন, বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ ও গ্রেপ্তার করা অন্যায়। হকারদের মালপত্র নষ্ট করা এবং তাঁদের সামনে ভাঙচুর চালানো মানবাধিকার লঙ্ঘন। উচ্ছেদ অভিযানের আড়ালে নতুন করে চাঁদাবাজির সুযোগ তৈরি হচ্ছে।
হযরত আলীর মতে, নির্দিষ্ট স্থান বরাদ্দ করে হকারদের ব্যবসা করার সুযোগ দেওয়া হলে একদিকে যেমন সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য পাবে, অন্যদিকে হকারদের জীবিকাও নিশ্চিত হবে। হঠাৎ উচ্ছেদে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
২ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে