
২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এ হাসপাতালটি নানা সংকটে যেন নিজেই ‘অসুখে’ ধুঁকছে। এক দশকের বেশি সময় ধরে চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে হাসপাতালটির স্বাস্থ্যসেবা তলানিতে পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার লিখিতভাবে জানানো হলেও সমস্যার কার্যকর সমাধান হচ্ছে না।
হাসপাতালের প্রশাসনিক শাখার তথ্য অনুযায়ী, ১৯৬৮ সালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে ১৭৮ চিকিৎসকের প্রয়োজন থাকলেও কর্মরত মাত্র ২৩ জন। হাসপাতালে আইসিইউ ও এনআইসিইউ সুবিধা নেই। পুরোনো দ্বিতল ভবনের পাশে আধুনিক সুবিধাসংবলিত আটতলা ভবন নির্মাণ করা হলেও সেটির পূর্ণ সুবিধা মেলেনি।
হাসপাতালের বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, বহির্বিভাগে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ভর্তি রোগীদের দুর্ভোগ আরও বেশি। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে নিয়মিত পাঁচ শতাধিক রোগী ভর্তি থাকে। প্রয়োজনের তুলনায় চিকিৎসকের সংখ্যা খুবই কম। অনেক সময় দিনে মাত্র একবার চিকিৎসকের দেখা পান রোগীরা। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখানো ও মূল চিকিৎসা শুরু করতে অনেক রোগীকে ১২ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এ ছাড়া শয্যাসংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৌচাগার ব্যবস্থাপনা নিয়েও রোগীদের ক্ষোভ রয়েছে।
হাসপাতালে মেডিসিন, সার্জারি, গাইনি ও কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগে কোনো জ্যেষ্ঠ কনসালট্যান্ট নেই। অ্যানেসথেসিয়া ও অর্থোপেডিকস ছাড়া জ্যেষ্ঠ কনসালট্যান্টের আটটি পদ শূন্য। জুনিয়র কনসালট্যান্টের ১২টি পদের মধ্যে ছয়টি শূন্য। মেডিকেল অফিসার, ইনডোর মেডিকেল অফিসার, রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রারের পদও শূন্য রয়েছে।
হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের যথেষ্ট ঘাটতি রয়েছে। হাসপাতালে সিটি স্ক্যান বা এমআরআই মেশিন নেই। ইকোকার্ডিওগ্রাম, এন্ডোসকপি ও ল্যাপারোস্কপি মেশিন থাকলেও সেগুলো অকেজো হয়ে পড়ে রয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর নেওয়াজ আহমেদ বলেন, ‘চিকিৎসকসহ অনেক ক্ষেত্রে সংকট রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাহিদা জানিয়েছি। সম্প্রতি চারজন চিকিৎসক যোগদান করেছেন, তবে তাতে চাহিদা পূরণ হচ্ছে না।’

বগুড়ায় সাম্প্রতিক সময়ে ধারালো অস্ত্র, বিশেষ করে চাকু দিয়ে হামলা ও খুনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতের ঘটনা।
২ ঘণ্টা আগে
রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
৫ ঘণ্টা আগে
ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফেনী শহরের ‘ওয়ান-স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেছে ফেনীর স্বাস্থ্য বিভাগ।
৫ ঘণ্টা আগে