
মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রম থেকে শিশুকন্যা তাইবাকে (৮) নিজের হেফাজতে নিতে আদালতের শরণাপন্ন হয়েছেন বাবা তোফাজ্জল হোসেন। আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য ছিল। তবে শিশুকন্যাকে আদালতে হাজির না করায় শুনানি হয়নি।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দার এবং সাধারণ সম্পাদক মিতু হালদারকে বিবাদী করে গত ২৪ মার্চ এ মামলা করেন বাবা। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতে মামলাটি করা হয়। আদালত মিল্টন সমাদ্দারকে শিশুকন্যাকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মিল্টন সমাদ্দার কারাগারে থাকায় এবং আশ্রমের দায়িত্ব শামসুল হক ফাউন্ডেশন নেওয়ায় আদালতের আদেশ বাস্তবায়ন হয়নি।
বাদীপক্ষের আইনজীবী হাসান আল জাবির তালুকদার সানি বলেন, আবার নতুন করে নোটিশ জারি করতে হবে। নোটিশ জমা দেওয়ার পর আদালত আদেশ দেবেন।
আইনজীবী আরও জানান, মামলা করার পর বাবা এবং সন্তানের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছিলেন আদালত। একই সঙ্গে বিবাদীদের শিশুটিকে আজ আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মিল্টন সমাদ্দার জেলে এবং বর্তমানে শামসুল হক ফাউন্ডেশন চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের দায়িত্বে থাকায় ডিএনএ পরীক্ষা হয়নি। আর এ কারণে শিশু তাইবাকেও আদালতে হাজির করা হয়নি।
তাইবাকে হাজির করতে শামসুল হক ফাউন্ডেশনকে আদেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত হাজির করার তারিখ পরে ধার্য করবেন।
মামলার আরজিতে বলা হয়েছে, বাদী ২০১২ সালের ১৬ নভেম্বর মোসা. সুরমা আক্তারকে বিয়ে করেন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর কন্যা তাইবার জন্ম হয়। স্ত্রী অসুস্থ অবস্থায় ২০১৯ সালের ১১ নভেম্বর তাইবা হারিয়ে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি স্ত্রী মারা যান। পরে বাদী চাইল্ড অ্যান্ড এইজ কেয়ার নামের প্রতিষ্ঠানের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে মেয়েকে দেখতে পান।
এরপর ২০২৩ সালের ৪ মে বিবাদীর কাছে গিয়ে কন্যাকে চিহ্নিত করেন। ২০২৩ সালের ১৮ আগস্ট বিবাদীরা কন্যাকে ফেরত দিতে অস্বীকার করেন। ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর তিন দিনের মধ্যে কন্যাকে ফেরত দিতে লিগ্যাল নোটিশ দেন বাদী তোফাজ্জল হোসেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তাই আদালতের শরণাপন্ন হয়েছেন।
উল্লেখ্য, ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বিরুদ্ধে জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে নির্যাতন ও মানব পাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আরও পড়ুন–

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চে আসা জামায়াতের দুই নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরের পর যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের পাশে সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
নাটোরের লালপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোন মারা গেছে। আজ শনিবার বিকেলে উপজেলার গোপালপুর পৌর এলাকার ঈশ্বরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হচ্ছে ঈশ্বরপাড়া গ্রামের মো. আতিকুল ইসলাম ও মোছা. ববি খাতুন দম্পতির ছেলে আবু বক্কর সিদ্দিক (৬) ও মেয়ে সোহাগী খাতুন আতিয়ারা (৯)।
৮ মিনিট আগে
নীলফামারীতে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশের গ্রামাঞ্চলে সাপের সাপে কাটার ঘটনা বেশি ঘটে। সাপের ছোবলের পর যথাসময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করলে রোগীর মৃত্যু কিংবা গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
১৩ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় নেওড়া নদীতে সাঁতার কাটতে নেমে তানভীর ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
২০ মিনিট আগে