Ajker Patrika

বনশ্রীতে ভুল খবরে অর্ধশত পুলিশের নিষ্ফল অভিযান, তথ্যদাতাই আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৬: ৪৭
বনশ্রীতে ভুল খবরে অর্ধশত পুলিশের নিষ্ফল অভিযান, তথ্যদাতাই আটক
আটক সন্দেহভাজন ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

ডাকাতির খবর পেয়ে রাজধানীর বনশ্রীর একটি বাসা ঘিরে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রায় অর্ধশত সদস্যের একটি দল রাস্তার দুই পাশ বন্ধ করে দেয়। সম্ভাব্য পালানোর পথ আটকে রাখতে গলির মুখে রাখা হয় বালুভর্তি ট্রাক।

প্রায় এক ঘণ্টা ধরে বাসাটি ঘিরে তল্লাশি চালানো হলেও মেলেনি ডাকাতি বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের প্রমাণ। শেষ পর্যন্ত যে ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এত বড় অভিযান, তাকেই সন্দেহভাজন হিসেবে আটক করে নিয়ে যায় পুলিশ।

আজ রোববার দুপুরে রাজধানীর বনশ্রীর সি ব্লকের ২ নম্বর রোডে এ অভিযান চালায় ডিবির মতিঝিল বিভাগের একটি দল। দুপুর ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত অভিযান চলে।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, তথ্যদাতা নিজেও একজন সন্দেহভাজন ডাকাত। তাঁর বিরুদ্ধে সাত-আটটি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তিনি কেন এমন তথ্য দিয়ে পুলিশকে সেখানে অভিযান চালাতে প্ররোচিত করেছিলেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই ডিবির দলটি অভিযানে গিয়েছিল।

অভিযানের বিষয়ে স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান বলেন, তিনি বনশ্রীর ২ নম্বর রোডেই থাকেন। দুপুরের দিকে সড়কের দুই পাশে পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল। একজন ব্যক্তিকে হাতকড়া পরিয়ে কয়েকজন পুলিশ সদস্য জিজ্ঞাসাবাদ করছিলেন। অন্য পুলিশ সদস্যরা ওই সড়কের একটি ভবনের সামনে অবস্থান নেন।

জাহিদ বলেন, কিছুক্ষণ পর হাতকড়া পরা ওই ব্যক্তিকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযানের বিষয়ে কিছু জানায়নি।

জানতে চাইলে ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের আজকের পত্রিকাকে বলেন, ডাকাতির একটি তথ্য পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযানে গিয়েছিল। তবে যে তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল, সেখানে তেমন কিছু পাওয়া যায়নি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত