মহাখালী টার্মিনালে মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বাস

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাস টার্মিনালে একটি বাসে আগুন লাগার খবর পান তাঁরা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালের পেছনের শেষ প্রান্তে সোহাগ পরিবহনের বাসটি পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।









