Ajker Patrika

আনিসুল হকের ভাইয়ের স্ত্রীর ব্যাংকে থাকা ৫ কোটি টাকা অবরুদ্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আনিসুল হকের ভাইয়ের স্ত্রীর ব্যাংকে থাকা ৫ কোটি টাকা অবরুদ্ধ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভাই মোশাররফ হোসেনের স্ত্রী জেবুন্নেছা বেগম হক ওরফে কলির ব্যাংকে থাকা প্রায় পাঁচ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির ব্যাংক হিসাব অবরুদ্ধের এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়ার আবেদন করেন।

আবেদন অনুযায়ী, জেবুন্নেছা বেগম হকের ডাচ-বাংলা ব্যাংকের একটি হিসাব অবরুদ্ধের নির্দেশ চাওয়া হয়। ওই হিসাবে ৪ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৮৭৬ টাকা রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, আনিসুল হক, সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা, আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া এবং সাবেক আইনমন্ত্রী একজন সরকারি কর্মচারী। তিনি ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৯ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। ওই সম্পদ তিনি এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিগণ দখলে রেখেছেন। তিনি ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ লাখ ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছেন, যা মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ। ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার দায়ে ইতিমধ্যে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়েছে, মামলাটি তদন্তকালে দেখা যায় যে, এজাহারভুক্ত আসামি আনিসুল হক নিজ নামে ও তদন্তে আগত আসামি মোহাম্মদ ইকবাল, শেখ মো. ইফতেখারুল ইসলাম ও জেবুন্নেছা বেগম হকের নামে ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অর্জন করেছেন। এ ছাড়া বর্ণিত আসামিদের ২৩টি ব্যাংক হিসাবে ৩৬ ৫ কোটি ৫০ হাজার ৯৯ হাজার ৪৫২ টাকা জমা ও ৩৬১ কোটি ৭৫ লাখ ২৭ হাজার ১২৯ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন সংঘটিত হয়েছে।

তদন্তকালে আরও জানা গেছে যে, সাবেক আইনমন্ত্রীর ছোট ভাই মোশাররফ হোসেনের স্ত্রী জেবুন্নেছার ব্যাংকে ঢাকা প্রায় পাঁচ কোটি টাকা অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা চলছে। মামলার তদন্তের স্বার্থে এবং ভবিষ্যতে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার স্বার্থে অবরুদ্ধ করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত