Ajker Patrika

অক্টোবরের মূল্যস্ফীতি: খাদ্যে কমেছে, অন্য খাতে বেড়েছে

বিশেষ প্রতিনিধি, ঢাকা
অক্টোবরের মূল্যস্ফীতি: খাদ্যে কমেছে, অন্য খাতে বেড়েছে
প্রতীকী ছবি

দেশে খাদ্যপণ্যের দাম আগের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু আরও বেড়েছে খাদ্যবহির্ভূত খাতের পণ্য ও সেবায়। গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত অক্টোবরের মূল্যস্ফীতি পরিমাপের হিসাবে এমন চিত্রই উঠে এসেছে। বাস্তবতা হলো, বাজারে খাদ্যপণ্যের দাম কমার যে প্রবণতা, সেটি সংসারের অন্যান্য খরচে স্বস্তি দিতে পারছে না। বরং বাসাভাড়া, যাতায়াত, চিকিৎসা ও শিক্ষা খাতে ব্যয়ের চাপ বেড়েছে। ফলে মানুষের সামগ্রিক ব্যয়ের চাপ এ সময়ে খুব একটা কমেনি।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। বিপরীতে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২২ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে। দুই খাতের বিপরীতমুখী প্রবণতায় সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ এক মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ পয়েন্ট। তবে গত বছরের অক্টোবরের ৮ দশমিক ১৭ শতাংশের তুলনায় চলতি বছরের হার এখনো শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট বেশি।

বিবিএসএর হিসাবে, এক মাসে খাদ্য মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট। মূলত খাদ্যপণ্যের দামের এই নিম্নমুখী প্রবণতাই সার্বিক মূল্যস্ফীতি কমাতে প্রধান ভূমিকা রেখেছে। কিন্তু খাদ্যবহির্ভূত পণ্যে ও সেবায় ব্যয়ের চাপ উল্টো বেড়েছে। এ ক্ষেত্রেও এক মাসে বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট। খাদ্যবহির্ভূত খাতের এই বৃদ্ধি খাদ্যপণ্যে পাওয়া স্বস্তির একটি অংশকে ম্লান করেছে।

অর্থনীতিবিদেরা বলছেন, মূল্যস্ফীতির দুই খাতের এই বিপরীত চিত্রে বোঝা যায়, বাজারে সব ধরনের ব্যয় একই গতিতে কমছে না। খাদ্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ব্যয় এখনো বেশি। বিশেষ করে খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি খাদ্য খাতের তুলনায় ৩ দশমিক ৪৯ শতাংশ পয়েন্ট বেশি। ফলে মাসওয়ারি হিসাবে সার্বিক মূল্যস্ফীতি কমার খবর স্বস্তির হলেও এক বছরের ব্যবধানে হার বেড়ে যাওয়ায় চাপ পুরোপুরি কাটেনি এটা পরিষ্কার। অক্টোবরের পরিসংখ্যান বলছে, খাদ্যপণ্যে দাম কমার সুফল মিলছে; কিন্তু অন্যান্য খাতের ব্যয় সেই স্বস্তিকে সীমিত

করে রাখছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত